এবার খলচরিত্রে!

‘এবার তোর কী হবে রে প্রতিক?’ একটি অনলাইন কেনাকাটার ওয়েবসাইটের বিজ্ঞাপনে এই সংলাপ দিয়ে আলোচিত হয়েছেন ইরেশ যাকের। নেতিবাচক চরিত্রে তাঁর এই অভিনয়ই কি মনে ধরে গিয়েছিল নির্মাতা শিহাব শাহীনের? নতুন ছবি ছুঁয়ে দিলে মন-এর খলচরিত্রের জন্য বেছে নিয়েছেন ইরেশ যাকেরকে। ইরেশ যাকের জানান, প্রথমবারের মতো বড় পর্দায় তিনি খলচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘খল বা নেতিবাচক, এভাবে আমি কোনো চরিত্রকে দেখতে চাই না। তবে এটা ঠিক, এই ছবিতে আমার চরিত্রটা এত দিনের করা চরিত্রগুলোর চেয়ে আলাদা তো অবশ্যই,’ মন্তব্য ইরেশের।
ইরেশ বলছিলেন, ‘আমার চরিত্রের নাম ড্যানি। মফস্বল শহরের বেশ বড়সড় মাস্তান আমি। প্রেমের প্রস্তাব দিই সিনেমার নায়িকা মমকে। কিন্তু মম পাত্তা দেয় না। সে ভালোবাসে নায়ক আরিফিন শুভকে!’
খলনায়কের ভালোবাসার যে আকুতি এবং নায়িকাকে পাওয়ার জন্য যা যা করা দরকার, তা-ই পুরো সিনেমায় করে যাবেন নতুন এ খল-অভিনেতা। সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক। ‘মুক্তি পাওয়ার পর দর্শকেরাই বিচার করবেন, কেমন করেছি,’ বললেন ইরেশ যাকের৷