এবার তিনি পরিচালক

২০ বছর ধরে ছোট পর্দায় কাজ করছেন আজাদ আবুল কালাম। ১৯৯৫ সালে মামুনুর রশীদের লেখা বিশ্বাস নাটকে তাঁকে প্রথম দেখা গিয়েছিল টেলিভিশনে। এরপর টিভিতে শ দেড়েক নাটকে অভিনয় করেছেন, কিন্তু পরিচালনার কাজটি আর করা হয়নি এখানে। এবার তিনি ছোট পর্দার জন্য নাটক পরিচালনা করছেন। আজাদ আবুল কালাম বললেন, আপাতত নাটকটির নাম হচ্ছে অসুখের নাম ভালোবাসা। নামটি পরিবর্তনও হতে পারে।
আজাদ আবুল কালাম মঞ্চে অভিনয় করছেন ১৯৮৫ সাল থেকে। মঞ্চে প্রথম নির্দেশনা দেন ১৯৯২ সালে, বাংলা থিয়েটারের আদিম নাটকে।
টেলিভিশনে পরিচালনার কাজ অবশ্য তাঁর জন্য খুব কঠিন হবে না। বললেন, ‘ছোট পর্দায় মামুনুর রশীদের সহকারী হিসেবে কাজ করেছি। আর চলচ্চিত্রে আমি ছিলাম বাদল রহমানের সহকারী।’
হঠাৎ পরিচালক হওয়ার ইচ্ছে হলো কেন? আজাদ আবুল কালাম বললেন, ‘আমি চলচ্চিত্র পরিচালনা করব। দুটি স্ক্রিপ্ট লেখা হয়েছে। একটি বড়দের জন্য আর অন্যটি ছোটদের। আমিই লিখেছি। পরে মনে হলো পরিচালনার কাজটিও যদি আমি করি, তাহলে বেশি ভালো হবে। আমি তো ক্যামেরার সামনে কাজ করেছি, ক্যামেরার পেছনে অসংখ্য নাটক লিখেছি। কখনো পরিচালনার কাজটি করা হয়নি। এবার নিজেই নিজের কাছে পরীক্ষা দিচ্ছি—চলচ্চিত্র পরিচালনার জন্য আমি আদৌ প্রস্তুত কি না।’
অসুখের নাম ভালোবাসা নাটকটি লিখেছেন আজাদ আবুল কালাম। এ নাটকে অভিনয়ও করছেন তিনি। নাটকটির ভাবনা প্রসঙ্গে জানালেন, এটি প্রেমের গল্প। এখানে এক জোড়া তরুণ-তরুণী প্রেমের কয়েকটা মনস্তাত্ত্বিক ধাপ পার হওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। একসময় চরিত্র দুটি মুক্তির স্বাদ পায়। এ দুটি চরিত্রে অভিনয় করছেন রাজীব সালেহীন ও সানজিদা প্রীতি। সঙ্গে আরও আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, হাসান শাহরিয়ার। গতকাল বুধবার নাটকটির শুটিং হয়েছে উত্তরায়।
আজাদ আবুল কালাম জানান, নাটকের গল্পটি থানাকে কেন্দ্র করে। অল্প কিছু কাজ হবে থানার বাইরে। আর নাটকটি দেখানো হবে বাংলাভিশনে।