এবার নারী ম্যাকগাইভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি এমন এক ‘সিক্রেট এজেন্ট’, অস্ত্রশস্ত্র ব্যবহারে যাঁর ভীষণ অনীহা! চুলের ক্লিপ, পানির বোতল, কলম, চুইংগাম...হাতের কাছের এসব টুকিটাকি দিয়েই ঘায়েল করে ফেলেন ভয়ানক শত্রুকে!
বলছিলাম আশির দশকের জনপ্রিয় টিভি সিরিজ-চরিত্র ম্যাকগাইভারের কথা। আবারও আসছেন ম্যাকগাইভার, তবে ভিন্ন রূপে। ৩০ বছর পর ম্যাকগাইভারের ‘উত্তরসূরি’ হচ্ছেন একজন নারী। নতুন এই টিভি সিরিজের মূল চরিত্রে থাকবেন একজন নারী প্রকৌশলী। ম্যাকগাইভারের নির্মাতা লি জলটফ বলেন, ‘এটা ঠিক নতুন করে ম্যাকগাইভার শুরু করা নয়। আমাদের উদ্দেশ্য বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে মেয়েদের আগ্রহী করা। নারীদের জন্য আমরা একটা শক্তিশালী রোল মডেল তৈরি করার চেষ্টা করছি।’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সহায়তায় ইতিমধ্যেই ‘নারী ম্যাকগাইভারের’ খোঁজে অডিশন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে নতুন এই টিভি সিরিজটি প্রচারিত হবে। এএফপি।