এবার বিশ্রাম-শপিং-সিনেমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিলা নূর
সাবিলা নূর

চার মাসে অভিনয় করেছেন প্রায় ২৫টি এক ঘণ্টার নাটকে। রয়েছে দুটি ধারাবাহিকও। এবার একটু বিরতি নেবেন ছোট পর্দার তরুণ তারকা সাবিলা নূর। এবার বিশ্রাম, শপিং ও সিনেমা দেখার পালা তাঁর।
চলতি বছরের জুন মাস থেকে টিভি নাটকের কর্মযজ্ঞ শুরু করেছেন সাবিলা। দুই ঈদসহ এই পর্যন্ত টানা কাজ করে তিনি এবার ক্লান্ত। বিরতি নিয়ে তিনি যাচ্ছেন বিশ্রামে। বললেন, ‘অনেক হয়েছে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছি। নিজের দিকে একটুও খেয়াল করা হয়নি। কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। তাই এবার আপাতত বিরতি নিচ্ছি।’ সাবিলা জানান, ঈদুল আজহার আগে ‘সনাতন কাব্য’ নামের একটি নাটকের কাজ শেষ হয় ঈদের পর। এ ছাড়া এজাজ মুন্নার ধারাবাহিক ‘আস্থা’ নাটকের শুটিংও করেছেন কয়েক দিন। বিরতির সময়টা কীভাবে কাটাবেন জানতে চাইলে সাবিলা বলেন, ‘পড়ালেখা তো আছেই। তা ছাড়া একটু বিশ্রাম নেব, সিনেমা দেখব, শপিং করব।’
শিগগির আবারও ক্যামেরার সামনে ফিরবেন সাবিলা। নভেম্বর মাস থেকে নিয়মিত কাজ শুরু করবেন তিনি। তবে আর আগের মতো সব নাটকে নয়। মুঠোফোনে তিনি বললেন, ‘অনেক তো করলাম। এখন থেকে একটু বেছে বেছে কাজ করব।’