এবার যমজ ৪

বাবা আর দুই ছেলে। তাদেরই নানান কর্মকাণ্ড নিয়ে এই নাটক। তবে যতটা সহজ করে বলা হলো; বিষয়টা ঠিক ততটাই কঠিন হয়ে যাবে যদি এই তিন চরিত্রেই অভিনয় করেন এক ব্যক্তি। অবশ্য এখানে ব্যক্তিটি অভিনেতা মোশাররফ করিম বলেই রক্ষা! যমজ নাটকে কয়েক বছর ধরে এমনটাই ঘটেছে। দর্শকের সাড়া, ধারাবাহিকতা রক্ষা করতে এবারে আসছে ‘যমজ ৪’।
এবারেও, অর্থাৎ ‘যমজ ৪’ নাটকেও যথারীতি তিনটি চরিত্রেই দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। সম্প্রতি নাটকটির শুটিংয়ের কাজ হয়েছে ঢাকার অদূরে ধামরাইতে। বরাবরের মতো অনিমেষ আইচের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আজাদ কালাম।
এবারের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘যমজ ৪ এ আমরা দেখব বাবা ও দুই ছেলে এক বিয়েবাড়িতে বিয়ে খেতে গিয়েছেন। তারপরই সেখানে ঘটতে থাকে নানান ঘটনা। দুই ভাই ও বাবাকে নিয়েই এগিয়েছে এর গল্প।
পরিচালক অবশ্য জানালেন, এবারের গল্পে অনেক বেশি আয়োজন করা হয়েছে। একটা উৎসবের ভাব আনা হয়েছে। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন নিশা।
যমজ প্রথম প্রচারিত হয় ২০১২ সালে, এসএটিভিতে। তারপর থেকে আরটিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি। এবারই প্রথম দুই ঈদে প্রচার হচ্ছে এটি। মাঝে কয়েক বছর প্রচার হয়েছে একটি ঈদে।
আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে ‘যমজ ৪’ নাটকটি।