এবার 'উপহার টু'

২০১৫ সালের ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত হয়েছিল উপহার নাটকটি। আপেল মাহমুদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছিলেন জয়ন্ত রোজারিও। এবারও বড়দিন উপলক্ষে নির্মাতা নিয়েছিলেন প্রস্তুতি। সেই প্রস্তুতির পূর্ণ বাস্তবায়ন শুরু হয়েছে গত শনিবার থেকে। এবার নির্মাণ করছেন উপহার টু নামের আরেকটি নাটক।
এবারের নাটকটিও রচনা করেছেন আপেল মাহমুদ। শনিবার রাজধানীর তেজগাঁও চার্চে শুটিংয়ের মাধ্যমে শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। আগের নাটকটির সিকু্যয়াল হিসেবে নির্মিত হচ্ছে এটি। পরিচালক জানালেন, এবারের নাটকটিতে অভিনয় করেছেন আল মামুন, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, নাবিলা ইসলাম প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বললেন, ‘বড়দিনে উপহার দেওয়া-নেওয়ার একটা ব্যাপার থাকে। এটাই নাটকে তুলে ধরা হয়েছে। তবে সেটা অবশ্যই নাটকীয়ভাবে।’
পরিচালক জানালেন, আজও নাটকটির শুটিং চলবে উত্তরা, দিয়াবাড়ি, উত্তরা ক্লাবসহ বিভিন্ন জায়গায়। আর প্রচারিত হবে ২৫ ডিসেম্বর এনটিভিতে।