এবার 'গুলবাহার'!

শুরু হয়েছিল রাতারগুল দিয়ে। শুটিং হয়েছিল সে অঞ্চলেই। বাংলাভিশনে প্রচারের পর সাড়াও পড়েছিল বেশ। এরই ধারাবাহিকতায় গেল ঈদের আগে নির্মাণ করা হয় রাতারগুল-এর সিক্যুয়াল টেলিছবি কালাগুল। এবার আসছে এই টেলিছবির আরেক কিস্তি, নাম গুলবাহার। কোনো স্থানের নামে নয়, চরিত্রের নামের সঙ্গে মিল রেখে এটি নির্মাণ করছেন পরিচালক সুমন আনোয়ার। পরিচালকের ভাষায়, এটি ওই দুটির ট্রিলজি। রাতারগুল, কালাগুল–এর মতোই এর প্রধান চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। গুলবাহার-এর শুটিং হবে ঢাকার মানিকগঞ্জের নবগ্রামে। সবকিছু ঠিক থাকলে ১৬ আগস্ট শুরু হচ্ছে শুটিং। নির্মাতা সুমন আনোয়ার গুলবাহার সম্পর্কে বলেন, ‘রাতারগুল–এ আমরা দেখেছিলাম একজন নারী কতটা অসহায় হয়ে মৃত্যুর পথে চলে যান। কিন্তু কালাগুল এবং গুলবাহার নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। দর্শনের জায়গা থেকে তিনটি গল্পের মিল আছে। এ কারণেই এমন নামকরণ করা হয়েছে।’
গুলবাহার-এ তিশা ছাড়াও অভিনয় করছেন মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, রওনক হাসান, ইশরাত নিশাত ও বীথি রানি সরকার।
গুলবাহার প্রচারিত হবে বাংলাভিশনে, আগামী ঈদুল আজহায়। পরিচালক জানালেন, রাতারগুল নির্মাণের সময়ই পরিকল্পনা করা হয়েছিল এর তিনটি কিস্তি করার। সে হিসেবে গুলবাহার-এর মধ্য দিয়ে শেষ হবে এটি।