এবার 'পোস্ট গ্র্যাজুয়েট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে চাচা-ভাতিজার গল্প নিয়ে দীর্ঘ ধারাবাহিক গ্র্যাজুয়েট তৈরি হয়েছিল। সেই সময় এনটিভিতে দর্শকপ্রিয়তা পেয়েছিল নাটকটি। প্রায় ছয় বছর পর এর দ্বিতীয় কিস্তি তৈরি হচ্ছে। নাম পোস্ট গ্র্যাজুয়েট। গল্পের ধারাবাহিকতা ঠিক রেখে এই কিস্তি তৈরি হচ্ছে মামা-ভাগনের গল্প নিয়ে। এসব তথ্য দিলেন নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এত দিন পর নাটকটির দ্বিতীয় কিস্তি কেন? জবাবে পরিচালক বলেন, ‘যখন নাটকটি এনটিভিতে চলছিল, তখনই এর সিক্যুয়াল করার চিন্তা মাথায় আসে। কিছুদিন আগে প্রস্তাব দিলে এনটিভি তাতে রাজি হয়ে যায়।’
গ্র্যাজুয়েট-এ চাচা-ভাতিজা চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও সিদ্দিক। এবারের সিক্যুয়ালে মামা-ভাগনে গল্পে সিদ্দিক থাকলেও জাহিদ হাসানের জায়গায় মামা হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
দ্বিতীয় কিস্তির শুটিং ও প্রচারের তারিখ প্রসঙ্গে মজার ঘটনার কথা উল্লেখ করলেন পরিচালক। বলেন, ‘২০১০ সালের ৩ জানুয়ারি প্রথম কিস্তির শুটিং শুরু হয়েছিল। প্রচার ২৩ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় কিস্তিতেও কীভাবে যেন তা মিলে গেছে। এবারও একই মাসে, একই তারিখে শুটিং ও প্রচার শুরু হবে ধারাবাহিকটির।’
এই নাটকে আরও অভিনয় করবেন ফারহানা মিলি, সাজু খাদেম, হাসান মাসুদ, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, সোহেল খান, আরফান, আজমেরী আশা, তাসনুভা তিশা, শাহনাজ খুশি, শামীমা নাজনীন, জয়রাজ, নবী, রাজু প্রমুখ।