এবার 'মাংকি বিজনেস'

আসছে এয়ারটেলের নতুন টেলিছবি মাংকি বিজনেস। টিভিতে দেখানো হবে ভালোবাসা দিবসে। পরিচালক রাহাত রহমান জানালেন, এবার গল্পে তারুণ্যের পাশাপাশি পারিবারিক বন্ধনকেও প্রাধান্য দেওয়া হয়েছে। আর দর্শক নতুন কিছু দেখতে পাবেন। তবে ‘নতুন’ ব্যাপারটি চমক হিসেবেই রাখতে চান তিনি। জানালেন, টেলিছবিটির গল্প তাঁরই, নাট্যরূপও তিনিই দিয়েছেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফির মুখে তাঁর ও তাঁর পরিবারের গল্প। অন্য নারীর প্রতি দুর্বলতা আছে বাবার, পুত্রবধূর ওপর বিরক্ত মা, অফিসে দুর্নীতির সঙ্গে জড়িত বড় ভাই আর একক পরিবারের স্বপ্নে বিভোর ভাবি। এভাবেই মাংকি বিজনেস-এর গল্প এগিয়ে যায় নিজের গতিতে।
রাজধানীর লেকসার্কাস কলাবাগানের একটি শুটিংবাড়িতে গত বুধবার শুরু হয়েছে টেলিছবিটির শুটিং।
এতে অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, তামিম, তৌসিফ, সাবিলাসহ আরও অনেকে। থাকবে দুটি গান। গান আর টেলিছবির আবহ সংগীত তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্টুডিও ফিফটি এইটকে।
বিভিন্ন উত্সব উপলক্ষে এয়ারটেল এর আগে নয়টি টেলিছবি তৈরি করেছে।