এবারও আনন্দমেলার উপস্থাপক আনজাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনজাম মাসুদ
আনজাম মাসুদ

রোজার ঈদের পর এবার কোরবানির ঈদের জন্য নির্মিত হতে যাওয়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনার দায়িত্ব পেলেন আনজাম মাসুদ। এরই মধ্যে বিটিভি কর্তৃপক্ষ আনজাম মাসুদকে অনুষ্ঠানটি উপস্থাপনার ব্যাপারে চূড়ান্ত সম্মতি জানিয়েছে।
আনজাম মাসুদ বলেন, ‘ঈদে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “আনন্দমেলা”। সারা দেশের মানুষ অধীর আগ্রহে অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে। তাই “আনন্দমেলা” অনুষ্ঠানের বিষয় পরিকল্পনার ক্ষেত্রে অনেক চিন্তা করতে হয়। এর উপস্থাপনা করাও এক ধরনের চ্যালেঞ্জ। সব বিষয় মাথায় রেখেই এবারের “আনন্দমেলা” অনুষ্ঠানের পরিকল্পনা করছি।’
আনজাম মাসুদ আরও বলেন, ‘রোজার ঈদের মতো এবারের “আনন্দমেলা” অনুষ্ঠানটি হবে তারুণ্যনির্ভর। তবে এর সঙ্গে যুক্ত হবে আগামীর কথা, সম্ভাবনার কথা ও এগিয়ে যাওয়ার কথা। নিখাদ বিনোদনের পাশাপাশি সমাজের নানা অসংগতি তুলে ধরার চেষ্টা করব এবারের আনন্দমেলা অনুষ্ঠানে।’
সারোয়ার মিয়ার প্রযোজনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ বরাবরের মতো প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। উপস্থাপনার পাশাপাশি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করছেন আনজাম মাসুদ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে আনজাম মাসুদ বিটিভিতে ‘আজকাল’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। ২০০১ সালের শুরুর দিক পর্যন্ত অনুষ্ঠানটির উপস্থাপনার কাজ চালিয়ে যান তিনি। এরপর এটিএন বাংলার জন্য ‘এক দুই তিন’ এবং ‘আজ কাল পরশু’ নামের আরও দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন আনজাম মাসুদ।