এবারের ভালোবাসা দিবসে আমার অন্য রকম অভিজ্ঞতা হয়েছে: তৌসিফ
অনলাইনে প্রচারের পর ভিউ বেশি হবে—এমন গল্পগুলোই একসময় বেছে নিতেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। তবে সেই পথে আর হাঁটবেন না এই অভিনেতা। ভিউ কম হবে এমন গল্পগুলো বেছে নিচ্ছেন তৌসিফ। সম্প্রতি ভালোবাসা দিবসের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন তিনি।
ক্যারিয়ার শুরুর পর থেকেই টিকে থাকার জন্য প্রতিযোগিতা করতে হয়েছে তৌসিফকে। সেই যাত্রায় ইতিমধ্যে নিজের একটা জায়গা তৈরি করেছেন। তারপর সহশিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে সব সময় ভিউ বেশি হবে, এমন কাজগুলোকে প্রাধান্য দিয়েছেন। এই অভিনেতা বলেন, ‘প্রতিবার আমার কাছে যে গল্পগুলো ভালো মনে হয়, ভিউ বেশি হবে মনে হয়, সেগুলোই করি। কিন্তু এবার ভালোবাসা দিবসে আমার অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। এবারে আমার প্রচারিত নাটকগুলোর মধ্যে মানসম্পন্ন কাজ অনেক বেশি ছিল। যে কারণে আমার দর্শকেরা অন্য রকম খুশি। আমার কাছে এটা নতুন অভিজ্ঞতা। এই ধরনের কাজ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি। এমন কাজের সঙ্গেই থাকতে চাই।’
গেল ভালোবাসা দিবসে তৌসিফের, ‘এই অবেলায়’, ‘লুকোচুরি প্রেম’, ‘পার্থক্য’, ‘মেঘে ঢাকা রোদ্দুরে’সহ বেশকিছু নাটক প্রচার হয়েছে। তৌসিফ বলেন, ‘আমি ভালো কাজের সঙ্গে থাকতে চাই। এসব নাটকের ভিউ কম হতে পারে। কিন্তু মানসম্পন্ন কাজ অনেক দিন দর্শক মনে রাখেন, সব সময় প্রশংসা করেন। এবার ঈদের সেই জায়গা থেকে মনে রাখার মতো গল্পে কাজ করার চেষ্টা করছি। শুধু সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই। যেমন গত ঈদেও অনেক নাটকে কাজ করেছি।’
সম্প্রতি তিনি শুরু করেছেন ঈদুল আজহার নাটকের শুটিং। ঈদে ১৫ থেকে ২০টি নাটকে অভিনয় করবেন। তবে এখনো নির্মাতাদের গল্প পড়ছেন। তৌসিফ বলেন, ‘দেখা যায়, ঈদ এলেই জোর করে কাজ করতে হয়। এবার জোরাজুরির মধ্য নেই আমি। কম কাজ করব। কিন্তু ভালো ম্যাচিউর গল্পগুলোই বেছেই শুটিংয়ে নামব।’