এমন আয়োজন চাই প্রতি ঈদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের শেষ বেল বেজে উঠল।  রিজওয়ান দেখে দর্শক মুগ্ধ। ঢাকার মঞ্চ বহুদিন এমন হাততালি পায়নি।

নাটকটি প্রযোজনা করেছে নাটবাঙলা। পরিকল্পনা ও নির্দেশনায় সৈয়দ জামিল আহমেদ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল থেকে বেরিয়ে দর্শকেরা মেতেছেন নাটকের আলাপে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। অনেকের হাতে ধূমায়িত কফি। িবটিভির ‘সিসিমপুর’ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত মুনিরুল ইসলাম বললেন, ভালো নাটক অনেক আছে, কিন্তু উপস্থাপনার গুণে অন্য নাটকগুলোকে ছাড়িয়ে গেছে এটি।

লম্বা লাইন ধরে দর্শক নাটকটি দেখছেন। নানা জায়গায় নাটকটি নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। নাট্যকর্মী হুমায়ূন আজমের ভাষায়, ঈদের এই সময়ে অন্য সব বিনোদনজগৎ উৎসবে মুখর থাকলেও মঞ্চে থাকে খরা। এবার তা কাটল। রাজধানীতে যানজট ও কাজের চাপে নাটক দেখতে পারেন না নগর পরিকল্পনাবিদ হিশামুদ্দিন চিশতি। কিন্তু ফাঁকা ঢাকায় স্ত্রীকে নিয়ে নাটকটি দেখতে এসেছেন তিনিও।

তরুণদের উপস্থিতিও বেশ। মিরপুরের তিন কলেজ শিক্ষার্থী বললেন, ঈদে বিনোদনের মাধ্যম হলো সিনেমা। কিন্তু পরিবার নিয়ে হলে ছবি দেখার বাস্তবতা কম। মঞ্চনাটকে এ সমস্যা নেই।

কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকের সঙ্গে। বললেন, ‘পরিকল্পনা, অভিনয়, শারীরিক কসরত—সব মিলিয়ে নাটকটি নিরীক্ষাধর্মী। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সফল হয়েছে। তবে দু-একটা জায়গায় দর্শকদের যুক্ত করতে ব্যর্থ হয়েছে।’

বগুড়ার নাট্যকর্মী এফ এম আসলাম হোসেনের কথাও প্রায় একই। বললেন, ‘ঢাকায় এসেছি কেবল এই নাটক দেখার জন্য। মনে হচ্ছে, এসে ভুল করিনি। তবে নাটকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গল্প। নিশ্চয়ই জামিল স্যারের গল্প বলার একটা স্টাইল আছে। তবে সেটা আমাদের জন্য সহজবোধ্য হলে ভালো।’

ভালো লাগা-মন্দ লাগার কথাগুলো শুনতে শুনতে সময় পেরিয়ে যায়। এক দর্শক বলছিলেন, সৈয়দ জামিল আহমেদের মতো নির্দেশকদের নিয়মিত কাজ করা প্রয়োজন। তাঁরা যত কাজ করবেন, নাটকও তত এগিয়ে যাবে।

১ সেপ্টেম্বর থেকে নাটকটি দেখানো হচ্ছে প্রতিদিন বিকেল চারটা ও রাত আটটায়। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। দর্শকদের অনেকেই একটা কথা ঘুরেফিরে বললেন, এমন আয়োজন তো প্রতি ঈদেই হতে পারে।