এমি সেরা 'ব্রেকিং ব্যাড'
ক্যালিফোর্নিয়ার নকিয়া থিয়েটারে ৬৬তম এমি অ্যাওয়ার্ড আসরের পর্দা নেমেছে গতকাল সোমবার। এ বছর সেরা ড্রামা সিরিজ নির্বাচিত হয়েছে ‘ব্রেকিং ব্যাড’। সেরা টেলিছবির পুরস্কার ঘরে তুলেছে ‘দ্য নরমাল হার্ট’। ড্রামা সিরিজে অনবদ্য অভিনয় উপহার দিয়ে সেরা অভিনেতা ও অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন যথাক্রমে ব্রায়ান ক্র্যানস্টন ও জুলিয়ানা মারগুলিস।
‘ডাউনটাউন অ্যাবি’, ‘গেম অব থ্রোনস’, ‘হাউস অব কার্ডস’, ‘ম্যাড মেন’ এবং ‘দ্য ডিটেকটিভ’ ড্রামা সিরিজকে পেছনে ফেলে সেরার মুকুট মাথায় তুলেছে ‘ব্রেকিং ব্যাড’। আর সেরা কমেডি সিরিজ নির্বাচিত হয়েছে ‘মডার্ন ফ্যামিলি’। ‘দ্য নরমাল হার্ট’ টেলিছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এমি জিতেছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস।
‘ব্রেকিং ব্যাড’ ড্রামা সিরিজে অভিনয় করে সেরা অভিনেতার মুকুট মাথায় তুলেছেন মার্কিন অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন। আর ‘দ্য গুড ওয়াইফ’ ড্রামা সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন মার্কিন অভিনেত্রী জুলিয়ানা মারগুলিস। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।
‘দ্য বিগ ব্যাং থিওরি’ কমেডি সিরিজের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মার্কিন অভিনেতা জিম পারসনস। ‘ভিপ’ কমেডি সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া লুইস ড্রেফাস।

‘ব্রেকিং ব্যাড’ ড্রামা সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার দেয়া হয়েছে অ্যারন পলকে। একই সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যানা গান। ‘মম’ কমেডি সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অ্যালিসন জেনি। ‘মডার্ন ফ্যামিলি’ কমেডি সিরিজে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয়েছেন টাই ব্যারেল।
সেরা মিনি সিরিজ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘ফারগো’। ‘শার্লক: হিজ লাস্ট ভো’ মিনি সিরিজের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। ‘আমেরিকান হরর স্টোরি: কোভেন’ মিনি সিরিজে অভিনয় করে সেরার মুকুট মাথায় তুলেছেন অভিনেত্রী জেসিকা লঙ্গি।
সেরা রিয়েলিটি শো বিভাগে পুরস্কৃত হয়েছে ‘দ্য অ্যামাজিং রেস’। ‘হলিউড গেম নাইট’ অনুষ্ঠানের জন্য সেরা টিভি সঞ্চালক নির্বাচিত হয়েছেন জেন লিনচ। এ ছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন সদ্যপ্রয়াত মার্কিন কৌতুকশিল্পী ও অভিনেতা রবিন উইলিয়ামস। তাঁকে সম্মাননা দিয়েছেন মার্কিন কৌতুকশিল্পী ও অভিনেতা বিলি ক্রিস্টাল।