এশিয়ান টিভি

পালংক
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পালংক। লিখেছেন ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয় করেছেন নিলয়, অহনা, বাঁধন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
সংসারের সব সিদ্ধান্ত নেন দাদি। তাঁর কথার বাইরে কিছুই হওয়ার উপায় নেই। এই পরিবারের ছেলে নিলয়। দাদির আদেশে অহনাকে বিয়ে করতে বাধ্য হয় সে। এদিকে বিয়ের আসরে এসে সবাইকে চমকে দেয় বাঁধন। সে জানায়, ইংল্যান্ডে নিলয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে।
ভালোবাসার প্রতিদান
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ভালোবাসার প্রতিদান। লিখেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন মাইনুল হাসান। অভিনয় করেছেন মিলন, বাঁধন, শোয়েব, জেনী, দিতি প্রমুখ।
মিলন ও শোয়েব দুজনই বাঁধনকে ভালোবাসে। কিন্তু বাঁধন ভালোবাসে শোয়েবকে। বিয়ের দিন এক দুর্ঘটনার শিকার হয় শোয়েব। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে দেশে ফিরে শোয়েব দেখে, মিলনের সঙ্গে সংসার করছে বাঁধন।
দ্য গ্রেট জমিদার
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত আটটা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক দ্য গ্রেট জমিদার। পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নিশো, শ্যামল, বিজরী বরকতউল্লাহ, সুমাইয়া শিমু, তানিয়া হোসেন, শর্মিলী আহমেদ প্রমুখ।
দাদির মুখে আকবর গল্প শুনেছে, তার পূর্বপুরুষ জমিদার ছিল। সেই থেকে চলাফেরা, কথা বলা এমনকি প্রেম ও বিয়ের ক্ষেত্রেও জমিদারি ভাব বজায় রাখতে চায় সে। একদিন জানা যায়, আকবরের পূর্বপুরুষ আসলে জমিদার ছিল না। তাকে উন্নত জীবনযাপনে উৎসাহিত করার জন্য দাদি এই গল্প শুনিয়েছিলেন।
ব্যাক গিয়ার
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ব্যাক গিয়ার। লিখেছেন ও পরিচালনা করেছেন শাহীন কবির। অভিনয় করেছেন সজল, মম, মেহজাবিন, পিয়া, মুনিরা মিঠু প্রমুখ।
ব্যবসায়ী সজলের ব্যক্তিগত সহকারী মম। বসের জন্য তার যত ভাবনা। সজলের মা বিদেশে থাকেন। তিনি জানেন, ছেলে বিয়ে করেছে। হঠাৎ তিনি দেশে ফিরে আসেন। কোনো উপায় না পেয়ে মমকেই নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় সজল। কিন্তু সজলের বন্ধু মেহজাবিন ব্যাপারটি মেনে নিতে পারে না। অন্যদিকে সজলের ব্যবসায়িক অংশীদার হিসেবে সামনে আসে পিয়া। সজলকে তার খুব পছন্দ।

ঈদে দুই বাংলার মিলনমেলা
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে সাত দিন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে গানের অনুষ্ঠান ‘এশিয়ান মিউজিক আওয়ার’। প্রচারিত হবে প্রতিদিন রাত সাড়ে ১০টায়। এই অনুষ্ঠানে প্রতিদিন ভারতের একজন শিল্পীর সঙ্গে গান গাইবেন বাংলাদেশের একজন শিল্পী। ঈদের দিন গান গাইবেন মিতালী মুখার্জি ও কনকচাঁপা; ঈদের পরদিন নচিকেতা ও ফাহমিদা নবী; তৃতীয় দিন জোজো ও ন্যান্সি। এ ছাড়া চতুর্থ দিন গান গাইবেন রাঘব ও এস ডি রুবেল; পঞ্চম দিন হৈমন্তী শুক্লা ও মনির খান; ষষ্ঠ দিন রিজিয়া পারভীন ও রুপংকর আর সপ্তম দিন সমিধ ও আঁখি আলমগীর।