এস এ টিভি

পরাণের গহীন ভিতর
এসএ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক পরাণের গহীন ভিতর। গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম প্রমুখ। রুদ্র এ সময়ের অনেক নামী একজন মিউজিক কম্পোজার। রুদ্রের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় পুরস্কার। এ অর্জনের পর সংবাদ সম্মেলন হচ্ছে। সেখানে সে তার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। কিন্তু হঠাৎ এক সাংবাদিকের প্রশ্নে আঁতকে ওঠে রুদ্র। সে জানতে পারে তার সমস্ত অর্জনের পেছনে রয়েছে এক অজানা নারী। ক্ষুব্ধ হয়ে সে সম্মেলন থেকে বেরিয়ে আসে। বাড়িতে এসে সে তার সেক্রেটারিকে প্রশ্ন করে, কে এই নারী? সামনে আসতে থাকে সেই নারীর পরিচয়। তার নাম পারমিতা।
কাক অথবা ক্যাকটাস
এসএ টিভিতে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক কাক অথবা ক্যাকটাস। নাটকটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। করবী একজন নামকরা চিত্রপরিচালক। একদিন সে তার এক সমস্যা নিয়ে যায় মনোরোগ চিকিৎসকের কাছে। চিকিৎসককে সে বলে, তার স্বামী সব সময় তাকে খুন করতে চায়। চিকিৎসক করবীর বাসায় চলে আসে। কিন্তু দেখতে পায় ওই মহিলার স্বামীর লাশ। এরপর সেই মহিলা কৌশলে চিকিৎসককে বেঁধে ফেলে। একপর্যায়ে পুলিশ আসে। সে পুলিশকেও বেঁধে ফেলে। কিছুক্ষণ পর মহিলা বাড়ি থেকে বের হয়ে যায়।
স্বপ্নের মতো দিন
এসএ টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক স্বপ্নের মতো দিন। আলভী আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ এবং কল্যাণ।
সুমনের অবস্থা খুব খারাপ। সে প্রেমে পড়েছে। দিন দশেক আগে ফেসবুকে দীপা নামে একটা মেয়ের সঙ্গে তার আলাপ-পরিচয় হয়। দীপাকে সে দেখেনি। সুমন দেখা করবে দীপার সঙ্গে। ভাবতেই তার ভালো লাগছে। সুমনের সামনে এসে দাঁড়ায় দীপা। গুছিয়ে রাখা কথা এলোমেলো হয়ে যায় সুমনের। শুরু হয় স্বপ্নের মতো একটি দিনের। তারা বেড়াতে ঢাকার বাইরে যায়। কিন্তু ঘটে এক দুর্ঘটনা। নাটকের গল্পের শুরু আসলে ঠিক এখন থেকে।