কপিলের অনুষ্ঠান বয়কট করছেন শিল্পীরা!
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। তাঁর জনপ্রিয় টিভি কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ বর্জন করেছেন তিন সহশিল্পী। গত দুই দিন অনুষ্ঠানের দৃশ্যধারণে উপস্থিত হননি কমেডিয়ান সুনীল গ্রোভার, চন্দন প্রভাকর ও আলী আসগর।
কিছুদিন আগে কপিল শর্মা অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরার পথে মদ্যপ অবস্থায় তাঁর সহশিল্পী চন্দনের সঙ্গে বাজে ব্যবহার করেন। সে সময় সুনীল গ্রোভার থামাতে এলে তাঁর সঙ্গেও তর্কে জড়ান কপিল। এমনকি সেই বাগ্বিতণ্ডা হাতাহাতি পর্যন্ত চলে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কপিল তাঁর এমন কর্মকাণ্ডের জন্য সুনীলের কাছে ক্ষমা চান। জবাবে সুনীল টুইট করে বলেন, তিনি কপিলের আচরণে মর্মাহত। আলোচিত কমেডিয়ান কপিলের উদ্দেশে তিনি বলেন, ‘তুমি নিজের কর্মক্ষেত্রে সেরা হতে পারো, তবে নিজেকে ঈশ্বর ভেবো না।’
গত দুই দিন কপিলের কমেডি অনুষ্ঠানের নতুন পর্বের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন ব্যস্ততার অজুহাতে শুটিংয়ে অংশ নেন চা-বিক্রেতার চরিত্রে অভিনয় করা চন্দন। একই কারণ দেখান টিভি অনুষ্ঠানে ‘নানি’ ভূমিকায় অভিনয় করা আলী আসগর। আর শুটিংয়ের জন্য ‘ডক্টর মাশুর গুলাটি’খ্যাত সুনীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাব দেননি বলে অনুষ্ঠান কর্তৃপক্ষ জানায়। সেদিন কপিলের অনুষ্ঠানে নাম শাবানা ছবির শিল্পীদের আসার কথা ছিল। নিয়মিত শিল্পীদের অনুষ্ঠান বর্জনের কারণে ওই পর্বে অংশ নেওয়ার জন্য ডাকা হয় নতুন কৌতুকাভিনেতাদের। তবে ‘বাম্পার’ কিকু শারদা, ‘সারলা’ সুমনা চক্রবর্তী ও ‘লটারি’ রচেল রাও শুটিং বর্জন করেননি। আইএএনএস