কবরীর নাটকে সোহেল রানা

কবরী পরিচালিত নাটকে অভিনয় করবেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। আগামীকাল ২২ আগস্ট থেকে ঢাকার উত্তরায় নাটকটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। আবার আসিব ফিরে নামের এই নাটকে কবরীও অভিনয় করবেন বলে জানিয়েছেন। এটি হবে ১৩ পর্বের ধারাবাহিক নাটক। কিছুদিন আগেই এর প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। নাটকটির কাহিনি ও সংলাপ লিখেছেন কবরী।
কবরী জানান, চ্যানেল আইয়ের অনুরোধে নাটকটি করতে রাজি হয়েছেন তিনি। গল্পের কারণেই নাটকটিতে সোহেল রানার মতো একজন অভিনেতার দরকার ছিল বলে জানান কবরী। নাটকে অভিনয়ের ব্যাপারে সোহেল রানা বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে কবরী অনেক উঁচু মাপের। এবার তাঁর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছি। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে। আড্ডাও হবে। এর মধ্য দিয়ে নির্মাতা কবরীকেও চিনতে পারব।’
কয়েক বছর আগে আবার যোদ্ধা হব নামের মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকে অভিনয় করেছিলেন সোহেল রানা। অন্যদিকে বছর দুয়েক আগে একবার বিটিভির জন্য একটি ধারাবাহিক নাটক তৈরি করেছিলেন কবরী। নাসরিন জাহানের ক্রুশকাঠে কন্যা অবলম্বনে নাটকটি নির্মিত হয়। তারও পাঁচ বছর আগে মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে একটি খণ্ডনাটক পরিচালনা করেন কবরী। আবার আসিব ফিরে নাটকে দেখা যাবে রিয়াজ, অহনা এবং কে এস ফিরোজকেও।