কবরীর নাটকে সোহেল রানা

ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী পরিচালিত নাটকে অভিনয় করবেন গুণী অভিনয়শিল্পী সোহেল রানা। আগামী ২২ আগস্ট থেকে উত্তরায় নাটকটির শুটিংয়ের অংশ নেবেন সোহেল রানা। ‘আবার আসিব ফিরে’ নামের এই নাটকে অভিনয়ও করবেন তিনি। এবারই প্রথম তাঁরা দুজন জুটি হয়ে কোনো নাটকে অভিনয় করতে যাচ্ছেন।
তেরো পর্বের এই ধারাবাহিক নাটকটির প্রথম লটের শুটিং কিছুদিন আগে শেষ হয়েছে। পাশাপাশি এটির কাহিনি, সংলাপও কবরীর।
কবরী বলেন, ‘চ্যানেল আইয়ের অনুরোধে নাটকটি বানাতে রাজি হই। নাটকটির গল্পের কারণেই সোহেল রানার মতো একটি চরিত্রের দরকার ছিল। কথাবার্তা বলার পর তিনিও অভিনয় করতে আগ্রহী হয়েছেন। আশা করছি অন্যরকম কিছু একটা হবে।’
‘আবার আসিব ফিরে’ নাটকের গল্প প্রসঙ্গে কবরী বলেন, ‘নাটক হলেও এটির মধ্যে একটি সিনেম্যাটিক ব্যাপার থাকবে। গতানুগতিক যে নাটক, তার থেকে পুরোপুরি ভিন্ন। আমার বিশ্বাস, দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।’
সোহেল রানা বলেন, ‘আমি সাধারণত নাটকে অভিনয় করি না। তবে কয়েক বছর আগে ‘আবার যোদ্ধা হব’ নামের একটি নাটকে অভিনয় করি। যেহেতু নাটকটি ছিল মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের, তাই নাটকটিতে অভিনয়ে না করতে পারিনি।’
নাটকে অভিনয় প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে কবরী অনেক উঁচু মাপের। আমরা সহশিল্পী হিসেবে কয়েকটি ছবিতেও কাজ করেছি। এবার তাঁর পরিচালনায় নাটকে অভিনয় করতে যাচ্ছি। অনেক দিন সবার সঙ্গে দেখা হবে। আড্ডাও হবে। কাজের পর নির্মাতা কবরীকেও চিনতে পারব।’
বছর দু-এক আগে একবার বিটিভির জন্য একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন কবরী। নাসরিন জাহানের ক্রুশকাঠে কন্যা অবলম্বনে নাটকটি নির্মিত হয়। তারও পাঁচ বছর আগে মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে একটি খণ্ড নাটক পরিচালনা করেন কবরী।
‘আবার আসিব ফিরে’ নাটকে অন্য অভিনয়শিল্পীরা হলেন রিয়াজ, অহনা ও কে এস ফিরোজ প্রমুখ।