কমিটমেন্টে সালাউদ্দিন লাভলু-তমা মির্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন লাভলু-তমা মির্জা
সালাউদ্দিন লাভলু-তমা মির্জা

নাটকের নাম ‘কমিটমেন্ট’। শুটিং এখনো শুরু হয়নি; কিন্তু পাত্রপাত্রী ঠিকঠাক। বাকি আছে শুটিং লোকেশন যাচাই বাছাই। এ নাটকে অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু ও তমা মির্জা। লোকেশন চূড়ান্ত হলে এই সাত তারিখেই নাটকের জন্য ক্যামেরা চালু হবে বলে জানিয়েছেন পরিচালক রাশেদ রাহা। নাটকটির চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ।

‘কমিটমেন্ট’ প্রসঙ্গে পরিচালক রাশেদ রাহা বলেন, ‘আমরা মানিকগঞ্জে একটি লোকেশন দেখে এসেছি। কিন্তু চূড়ান্ত করিনি। আজকালের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। আর এই ৭ তারিখ থেকেই শুটিং শুরু করছি।’

রাশেদ এও জানান, সালাউদ্দিন লাভলুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তমা মির্জা। এ ছাড়াও, নাটকটিতে অভিনয় করবেন মামুনুর রশীদ, মাজনুন মিজান ও মিশু চৌধুরী।

তবে, এ নাটকে অভিনয় প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু মুঠোফোনে জানিয়েছেন, ‘আমার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে কে আমার সহশিল্পী তা এখনো জানি না।’

এদিকে, সালাউদ্দিন লাভলুর সঙ্গে অভিনয় করার বিষয়টি নিয়ে দারুণ রোমাঞ্চিত তমা মির্জা। তিনি বলেন, ‘উনি (সালাউদ্দিন লাভলু) অনেক বড় মাপের নির্মাতা। ওনার সঙ্গে অভিনয় করব এটা জেনে আমি অনেক খুশি।’

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক রাশেদ জানিয়েছেন, ‘নাটকের গল্প ‘কমিটমেন্ট’ রক্ষা করা নিয়েই। স্বামী স্ত্রীর মধ্যে যে ‘কমিটমেন্ট’ থাকে তাই দেখানো হবে এ নাটকে।’

শুটিং শেষে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেই জানিয়েছেন নাটকটির পরিচালক।