কমিশনার মোশাররফ করিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনের দৃশ্যে মোশাররফ করিম ও তাঁর সমর্থকেরা
বিজ্ঞাপনের দৃশ্যে মোশাররফ করিম ও তাঁর সমর্থকেরা

শেষ পর্যন্ত কমিশনার পদে নির্বাচনের জন্য প্রার্থী মোশাররফ করিম। চমকে ওঠার মতো খবরই বটে! প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি অভিনয়কে বিদায় জানালেন এই অভিনেতা? মোটেও না। কমিশনার পদে দাঁড়ালেন ঠিকই, তবে তা শুধুই ক্যামেরার সামনে। একটি বিজ্ঞাপনের জন্য।
গত মাসের মাঝামাঝি সময়ে ঢাকার অদূরে পানাম নগরে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। একটি চা-পাতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য তৈরি ওই বিজ্ঞাপন নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। জীবন বলেন, ‘বেশ কিছুদিন পর ভালো একটা কাজ করলাম। মোশাররফ ভাইকে নিয়ে কাজ করার আলাদা একটা আনন্দ আছে।’ বিজ্ঞাপনটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘এখানে একজন সৎ মানুষের গল্প বলা হয়েছে। হয়তো এমন মানুষকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সবাই। আমি বিজ্ঞাপন করে সেই অভাবটা পূরণ করলাম!’
নির্মাতা জানান, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। অল্প কয়েক দিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।