করোনায় দুই প্রকৃতির সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতি, নওশাবা ও তাদের পুতুল বন্ধু বিশ্বপ্রকৃতি। ছবি: সংগৃহীত
প্রকৃতি, নওশাবা ও তাদের পুতুল বন্ধু বিশ্বপ্রকৃতি। ছবি: সংগৃহীত

কাজী নওশাবা মার্টিন পি রবিনসনের ছাত্রী। তাঁর থেকেই পুতুল গড়া শিখেছেন। নিজের হাতে বানানো পুতুলকে কথা বলা শেখানো, সেটাও শিখেছেন। সম্প্রতি নিজের বানানো পুতুলের সঙ্গে তাঁর মেয়ে প্রকৃতির একটি কথপোকথন নজর কেড়েছে অনেকে।

করোনাভাইরাস প্রসঙ্গে বিশ্বপ্রকৃতির সেই আলাপচারিতায় অংশ নিয়েছে নওশাবার মেয়ে প্রকৃতি ও নওশাবার পুতুল বিশ্বপ্রকৃতি।

প্রকৃতি পুতুলকে জিজ্ঞেস করে, তোমার নাম কি?
পুতুল বিশ্বপ্রকৃতি বলে, আমার নাম হচ্ছে প্রকৃতি। কাশি দিয়ে বলে সে, আমার কাছ থেকে দূরে যাও, আমার শরীর খারাপ, আমার মনও খারাপ। আর শোনো তুমি প্রতিদিন হাত ধোঁও ঠিকমতো?
প্রকৃতি বলে, হ্যাঁ
বিশ্বপ্রকৃতি বলে, ভালো, প্রতিদিন হাত ধোবে, হাঁচি-কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢাকবে। আমার মতো শরীর খারাপ থাকলে মাস্ক পরবে। আর দূরে দূরে থাকবে ঠিক। আর বাসায় থাকবে, স্কুলে যেতে হবে না আচ্ছা।
প্রকৃতি বলে, তোমাকে একটা গান শোনাই?
বিশ্বপ্রকৃতি বলে, তার আগে বলো তোমার নাম কী?
প্রকৃতি বলে, আমার নামও প্রকৃতি, তোমার মতো।
বিশ্বপ্রকৃতি বলে, তোমার নামও প্রকৃতি! বাহ তোমার নামটা খুব সুন্দর, আমারই মতো। কিন্তু তোমরা অনেক দুষ্টু। তোমরা প্রকৃতির সব গাছ কেটে ফেলো, আমার আকাশটাতে কালো কালো ধোঁয়ায় ভরে দাও। দেখো কেউ নিঃশ্বাস ও নিতে পারে না ঠিকমতো, পানিগুলোও নোংরা, তোমরা এত দুষ্টু কেনো?

কাজী নওশাবা আহমেদ। ছবি: ফেসবুক থেকে
কাজী নওশাবা আহমেদ। ছবি: ফেসবুক থেকে

নওশাবা জানান, শিশুকে বাড়িতে আটকে রাখা সবচেয়ে কঠিন কাজ। কেন বাড়িতে থাকতে হবে, নিজের মেয়েকে সেটা বুঝিয়ে বলতে গিয়েই তার মাথায় এই ধারনাটি আসে। তিনি পুতুলের মুখ থেকে করোনা পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমার পাপেট ও প্রকৃতি দুজনের কথোপকথন একসময় এত প্রাকৃতিক হয়ে ওঠে যে, বোঝাই যাচ্ছিল না যে এটা একটা খেলা। আমার মেয়ে প্রকৃতি পুতুলকে কেমন নিষ্পাপ প্রশ্ন করছিল আর উত্তর দিচ্ছিল। আমার ফেসবুক বন্ধুরা বিষয়টি দেখে খুব অনুপ্রাণিত হয়েছে।’

কাজী নওশাবা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানকার বন্ধুরাই তাঁকে পরামর্শ দেন ‘সিসিমপুর’-এ যোগ দিতে। পাপেট বলতে তখন কেবল মুস্তাফা মনোয়ারের পাপেটগুলোকেই চিনতেন তিনি। ‘সিসিমপুর’-এ কাজ করতে গিয়ে তিনি হয়ে যান ‘ইকরি’। সেখানেই তিনি গুরু হিসেবে পান মার্কিন পাপেটিয়ার মার্টিন পি রবিনসনকে। তাঁর কাছেই পাপেটে হাতেখড়ি নওশাবার।

উৎসর্গ ফাউন্ডেশনের পুরস্কার গ্রহণের দিন মেয়ের সঙ্গে নওশাবা। ছবি: ফেসবুক থেকে
উৎসর্গ ফাউন্ডেশনের পুরস্কার গ্রহণের দিন মেয়ের সঙ্গে নওশাবা। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত নওশাবা আহমেদ। বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় ছোট্ট একটি চরিত্র তাঁকে আরও পরিচিতি এনে দেয়। এর আগে এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, মিজানুর রহমান লাবুর ‘৯৯ ম্যানশন’, ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। নানা কারণে মুক্তি পায়নি ছবিগুলো।

নওশাবার নির্দেশনায় ‘মুক্তি আলোয় আলোয়’ নামের এক পুতুলনাট্যে সম্প্রতি কাজ করেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপি) চিকিৎসা নেওয়া একঝাঁক পক্ষাঘাতগ্রস্ত শিল্পী। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম হইচইয়ের ধারাবাহিক ‘একেন বাবুর ঢাকা রহস্য’তে মেহেরুন্নেসা চরিত্রে দেখা গেছে নওশাবাকে।