কর্দমাক্ত দীর্ঘ পথ হেঁটে শুটিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলসি নাটকের একটি দৃশ্যে সোহেল রানা ও স্পর্শিয়া
কলসি নাটকের একটি দৃশ্যে সোহেল রানা ও স্পর্শিয়া

সাধারণত গাড়িতে চড়েই স্পটে যায় শুটিংয়ের দল। কলসি নাটকের দলটির হয়েছে এক ব্যতিক্রম অভিজ্ঞতা। প্রচণ্ড ঝড়ের কারণে তাঁদের যাত্রাপথ গাড়ি চলার অনুপযোগী হয়ে যায়। দীর্ঘ কর্দমাক্ত পথ হেঁটে শিল্পী-কলাকুশলীদের পৌঁছাতে হয় শুটিংস্পট কুষ্টিয়ার শিলাইদহ চরে। গত শুক্রবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে সেই অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা মামুনুর রশীদ।

গত ২২ এপ্রিল শিলাইদহ চরে ছিল কলসি নাটকের শুটিং। যাত্রা শুরুর আগের দিন তুমুল ঝড়বৃষ্টিতে সেখানে যাওয়ার পথঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে পাবনা থেকে প্রায় তিন কিলোমিটার কর্দমাক্ত পথ হেঁটে ওই স্পটে পৌঁছাতে হয় কলসির শুটিংয়ের দলটিকে। সাধারণত ঘোড়ার গাড়ি ও টেম্পোতে করে স্থানীয় ব্যক্তিরা এই পথ পাড়ি দেন।

অভিনেতা মামুনুর রশীদ ও নাট্যদল আরণ্যকের কর্মী সোহেল রানাকে ঘিরে নাটকের গল্প। সেখানে শিলাইদহ চরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হবে। মামুনুর রশীদ বলেন, ‘আত্মপরিচয় ফিরে পেতে মানুষ কী না করতে পারে, নাটকে সেটাই দেখানো হবে। গল্পটিতে একধরনের সারল্য আছে। নাটকে নদী এবং নদীকেন্দ্রিক মানুষের জীবিকা ও নানা সংকট তুলে ধরা হয়েছে।’

কলসি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা মঞ্চকর্মী সোহেল রানার কাজের দারুণ প্রশংসা করেছেন মামুনুর রশীদ। নাটকের নারী চরিত্রে রয়েছেন স্পর্শিয়া। স্পটে পৌঁছানোর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্পর্শিয়া বলেন, ‘এত ভয়ংকর রাত আমার জীবনে কখনো আসেনি। এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখিও হলাম এই প্রথম। বারবার শুধু মায়ের কথা মনে পড়ছিল।’ নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। কলসি নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম।