কলকাতায় একটা কথা আছে, ‘দাদা, শুধু বডিটা নিয়ে আসবেন, বুঝলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ প্রায় এক যুগ পর টেলিভিশন পর্দায় আবার আসছে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ: সিজন ২’
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক যুগ পর টেলিভিশন পর্দায় আবার আসছে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ: সিজন ২’। নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান, পরিচালক হিসেবে আছেন তাঁর স্ত্রী নিমা রহমান। আগামী পহেলা ডিসেম্বর থেকে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হবে। ২৮ নভেম্বর টেলিভিশন কার্যালয়ে নাটকটির প্রচার উপলক্ষে প্রেস শোর আয়োজন করা হয়। সেখানে তারিক আনাম খান বলেন, দেড় হাজার পর্ব প্রচারের লক্ষ্যে নাটকটির নির্মাণ শুরু হয়েছে। নাটকটির বর্তমান গল্পের সঙ্গে আগের গল্পের কোনো মিল নেই। নতুন প্রজন্মের দর্শক ধরতে তাঁদের ভিন্ন কিছু পরিকল্পনা রয়েছে।

নাটকটির পরিচালক নিমা রহমান
ছবি: সংগৃহীত

নাটকটির পরিচালক নিমা রহমান বলেন, ‘“গুলশান এভিনিউ”–এ আগেও গল্পের দিক থেকে কোনো ঘাটতি ছিল না। এবারও হবে না। গতবারের মতো এবারও আমরা সাকসেসফুল হব। আমাদের নাটকে যে শিল্পীরা রয়েছেন, তাঁদের সবাইকে বলা হয়েছে, টানা অভিনয় করে যেতে হবে। আমাদের গল্প আগের চেয়ে অনেক বেশি ইনটেনসিভ। বর্তমান জেনারেশনের কথা মাথায় রেখেই আমরা নাটকটি নির্মাণ করছি। এখন সবাই স্মার্ট। ডিজিটালকে আমরা যেভাবে ক্যারি করতে পারব, সেভাবেই নাটক এগোবে।’ গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বর্তমান সময়ের উচ্চ শ্রেণির মানুষের ক্ষমতার দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে লড়াই, তাদের জীবনযাপনের টানাপোড়েনের গল্প।’

তারিক আনাম খান
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে তারিক আনাম খান বলেন, ‘প্রথম সিজনে আমরা প্রায় ৪ বছরে ৯০০–এর কাছাকাছি পর্বের শুটিং শেষ করেছিলাম। সেই সময় আমাদের আলাদা একটা দর্শক তৈরি হয়েছিল। সেই নাটক আবার নতুন করে নির্মাণে এনেছি। আশা করছি আবারও আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারব, এটা আমরা প্রমাণ করব। আমরা স্ক্রিনে একটি ভিন্নতা আনতে চেষ্টা করছি। কস্টিউম থেকে শুরু করে সব আমাদের কেনা। কলকাতায় একটা কথা আছে, ‘দাদা, শুধু বডিটা নিয়ে আসবেন, বুঝলেন।’ আমাদের নাটকেও এমন একটা ব্যাপার আছে। কোনো শিল্পীকে সঙ্গে কিছু আনতে হবে না।’

তারকা দম্পতি তারিক আনাম খান, নিমা রহমান
ছবি: খালেদ সরকার

আগামী ১ ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহে ৫ দিন বুধ থেকে রোববার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী-শীবা, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্নাসহ আরও অনেকে। বাংলাভিশনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ প্রমুখ।