কলা আর রুটি খেয়ে নবনী ভাবেন, হাল ছাড়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তায় দাঁড়িয়ে কলা আর রুটি খেয়ে নবনী ভাবেন, হাল ছাড়া যাবে না। নবনী চরিত্রে মেহজাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্বে যেখানেই যান, শুনতে হয় নানান কথা। অনেকের সামনে অপমান-অপদস্থও হতে হয়। তারপরও হাল ছাড়েন না বিমাকর্মী নবনী। আঠার মতো সবার পেছনে লেগে থাকেন। রাস্তায় দাঁড়িয়ে কলা আর রুটি খেয়ে নবনী ভাবেন, হাল ছাড়া যাবে না। অপেক্ষায় থাকেন, দিন ফিরবেই। এ জন্য নবনীকে দ্বারে দ্বারে ঘুরতে হয়। নাটকের এই নবনী চরিত্রে অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী।

ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকেন মেহ্জাবীন
ছবি: সংগৃহীত

ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকেন তিনি। এবারও তেমনই ‘বন্ধু’ নাটকে সমাজের পরিশ্রমী এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মেহ্জাবীন বলেন, ‘এখন সকল পেশার সঙ্গেই পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা কাজকে কাজ হিসেবেই ভাবতে পারছে। তেমনি একটি মেয়ে নবনী। যিনি বিমাকর্মী। তার স্ট্রাগলের মধ্য দিয়ে সমাজের একজন নারীর সফলতার গল্প দেখানো হয়েছে।’

নাটকের একটি দৃশ্যে আফরান নিশো
ছবি: সংগৃহীত

নাটকের গল্প লিখেছেন জামাল হোসেন। নাটকটির পরিচালক মাসুম শাহরীয়ার বলেন, ‘গল্পে ইনস্যুরেন্স কোম্পানির চাকরি করে এমন একটি চরিত্রের স্ট্রাগল দেখানো হয়েছে। গল্পটি কোনো না কোনোভাবে দর্শকেরা কানেক্ট করতে পারবেন।’ গল্পটির প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন মানুষের জন্য বিমা কীভাবে নানা অনিশ্চয়তায় বন্ধুর মতো পাশে থাকতে পারে, নিরাপত্তা দিতে পারে, সেটাই গল্পের প্রতিচ্ছবি।’

নাটকের একটি দৃশ্যে আফরান নিশো ও মেহ্জাবীন
ছবি: সংগৃহীত

নাটকটির পরিচালক মাসুম শাহরীয়ার জানান, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। গল্পের প্রয়োজনে নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আফরান নিশো, ফারজানা চুমকি প্রমুখ। নাটকটি আজ ৬ জানুয়ারি রাত আটটায় আরটিভিতে প্রচারিত হবে।