কলেজ পেরোল নদী-নাউমি-আঁঁচল

কলেজের গণ্ডি পেরোলেন রিয়েলিটি শো থেকে আসা তিন গায়িকা- নদী, নাউমি ও আঁঁচল।
২০০৯ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ মৌমিতা তাশরিন নদী রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে জিপিএ ৪.১০ পেয়েছেন। খুদে গান গান রাজ থেকে আসা জারিন তাসনিম নওমী ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বাণিজ্য বিভাগে জিপিএ ৫.০০ পেয়েছেন। আর বাংলাদেশি আইডলের সেরা পাঁচের অন্যতম প্রতিযোগী একজন মুশাররাত জাহান আঁঁচল ঢাকার শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৩.৮০ পেয়েছেন।
নদী বলেন, ‘আমি অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছি। এতটুকু আসতে পেরেছি এতেই আমি অনেক খুশি। শুধু তাই নয়, আমার পরিবারের সবাই এই ফলাফল নিয়ে সন্তুষ্ট।’
নদী এরই মধ্যে ঢাকার বনানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ইংরেজি সাহিত্যে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছেন। আগামী ৩১ আগস্ট থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাসও শুরু হয়ে যাবে বলে জানান নদী। বললেন, ‘পরিবারের সবার এবং আমার নিজেরও ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্যে স্নাতক করার। সেই ইচ্ছে থেকেই এআইইউবিতে ইংরেজি সাহিত্যে স্নাতক ভর্তি হয়েছি।’
নাউমি বলেন, ‘জিপিএ-৫ নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। তবে ফলাফল জানার পর অনেক বেশি খুশি হয়েছি। আমার ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়ার। তারই প্রস্তুতি নিচ্ছি। বাকিটা সময়ের উপর ছেড়ে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
আর আঁঁচল বলেন, ‘বাংলাদেশি আইডলের অংশ নেওয়াতে পড়াশোনায় অনেক বেশি অনিয়মিত হয়ে পড়েছিলাম। আমার বন্ধুরা যেখানে দুই বছর পুরোটা পড়াশোনার সময় পেয়েছে সেখানে আমি খুব বেশি সময় পাইনি। এত কিছুর পর আমি যে ফলাফল করেছি তাতে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। আঁঁচলের ইচ্ছে ইংরেজি সাহিত্যে পড়ার। আঁঁচল জানান, এক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয় রয়েছে তাঁর পছন্দের তালিকায়।