কষ্টে মোশাররফ করিমদের প্রিয় গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের গ্রামে নাটকের প্রিয় তারকারা। ছবি: সংগৃহীত
শুটিংয়ের গ্রামে নাটকের প্রিয় তারকারা। ছবি: সংগৃহীত

বুক ভরে শ্বাস নেওয়া যায়, ঢাকার কাছেই এ রকম বেশ কিছু গ্রাম আছে। সেখানে গেলেই দেখা মিলত মোশাররফ করিম, শামীম জামানদের মতো অভিনেতাদের। ঢাকার বাইরে শুটিংয়ের পাশাপাশি একটা মনের মতো পরিবেশ তাঁরা খুঁজে পেয়েছিলেন সেখানে। পুবাইলের সেই গ্রাম ভাদুন এখন ভীষণ কষ্টে আছে।

প্রায় বছর ২৩ আগে ভাদুনে শুরু হয় নাটকের শুটিং। দ্রুত আশপাশের গ্রামগুলোর কাছে শুটিংয়ের গ্রাম নামে পরিচিতি পেয়ে যায় ভাদুন। ঢাকার বড় বড় তারকা অভিনেতারা সেখানে শুটিং করেন বলে দ্রুত জায়গাটা আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়। মাত্র দুই মাস শুটিং বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে গ্রামে বাস করা শুটিংয়ের সঙ্গে জড়িত মানুষগুলো।

ধরা যাক মোশারফ হোসেনের কথা। ভাদুন গাঁয়ে তাঁর বাড়ি। শুটিংয়ের জন্য জেনারেটর সরবরাহ করেন, নাটকে কোনো এক্সট্রা চরিত্রেও কাজ করেন। জেনারেটর ভাড়া আর ওই ছোট্ট ভূমিকার জন্য পাওয়া অর্থে চলত চারজনের সংসার। বড় ছেলে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ছোট ছেলে স্থানীয় স্কুলের দশম শ্রেণিতে। মার্চের ২০ তারিখ থেকে সেই যে শুটিং বন্ধ হলো, তাঁর এখন সংকটময় অবস্থা। মুঠোফোনে মোশারফ জানালেন, পরিবার নিয়ে চলতে পারছেন না তিনি। ঘরে খাবার শেষ। হাতেও নগদ টাকা নেই। এক নির্মাতা কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু সেটা আর কত দিন চলে! ফোনের ওপারে ভারী কণ্ঠে তিনি বলেন, ‘অহন কার কাছে ট্যাকা চামু। ঢাকায় যাঁরা শুটিংয়ের কাজ করতেন, তাঁরা কিছু সাহায্য পাইতাছেন। আমি কার কাছে সাহায্য চামু বুঝতাছি না।’

করোনার আগে এভাবেই শুটিং দেখতে ভিড় করত মানুষ। ছবি: সংগৃহীত
করোনার আগে এভাবেই শুটিং দেখতে ভিড় করত মানুষ। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার পুবাইলের একটি গ্রাম ভাদুন। ঢাকা থেকে ২১ কিলোমিটার পথ। শুটিংকে কেন্দ্র করে গত ২২ বছরে এই গ্রামের চারপাশে গড়ে উঠেছে প্রায় ১৫টি শুটিংবাড়ি। ভাদুনের প্রায় শেষপ্রান্তে সে রকম এক শুটিংবাড়ির নাম বিলবিলাই। বেশ বড় এক ভিটে। বাড়ির চারপাশে নানা রকম গাছ। অভিনেতা মোশাররফ করিমের খুব পছন্দের জায়গা এটি। জায়গাটার কথা মনে করিয়ে দিতেই তিনি বলেন, ‘ঢাকার কোলাহল ছেড়ে পুবাইলে শুটিং করতে ভালোই লাগে। সেখানে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। অনেক দূর পর্যন্ত চোখ যায়। ঈদের আগে তো প্রায় প্রতিদিনই পুবাইল যেতে হতো। শুটিং মিস করছি, কিন্তু উপায় তো নেই। এখন ঘরে বসে থাকাই শ্রেয়।’

শুটিং গ্রামের রাস্তা এখন ফাঁকা। ছবি: সংগৃহীত
শুটিং গ্রামের রাস্তা এখন ফাঁকা। ছবি: সংগৃহীত

শুটিংবাড়িটির ব্যবস্থাপক জানালেন, সবকিছু সেই আগের মতো থাকলেও নেই শুটিং। যাঁরা বুকিং দিয়েছিলেন, আস্তে আস্তে সবাই বুকিং বাতিল করছেন। বেকার বসে আছেন তিনি, কর্মীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় আছেন।

শুটিংবাড়ির নাম হারুনের বাড়ি। সেটার মালিক হারুনর রশিদ সরদার বলেন, ‘আমাদের গ্রামে শুটিং দেখতে আগে অনেক নতুন মানুষ যাওয়া-আসা করতেন। এখন নতুন কেউ গ্রামে আসলেও, থাকতে পারবেন না। গত দুই দশকের মধ্যে এই প্রথম দুই মাস এই গ্রামে কোনো শুটিংয়ের আলো জ্বলেনি।’ তিনি আরও বলেন, ‘আমাদের তো সব সময় তারকাদের মধ্যেই থাকতে হতো। শুটিং থাকলে আমরা একটা আনন্দের ভেতর থাকতাম।’

ভাদুন গ্রামের বাসিন্দা আমির সরদার। কৃষি কাজ করেন। কাজ না থাকলে মাঝেমধ্যে শুটিংয়ের প্রয়োজনে গরু, ছাগল, হাঁস, মুরগি ও বয়স্ক মানুষ নিয়ে আসেন। কিছু বাড়তি আয় হতো তাতে। তিনি জানান, ‘আমরা সেই ছোট থেকে শুটিং দেখতেছি। দেখতে দেখতে বিরক্তি চলে আইছিল। এমনও অইছে, বাড়ি থেইকা বাইর হইলেই দেহি রাস্তার এক পাশে চঞ্চল ভাই, আরেক পাশে মোশাররফ ভাই। মানুষজনের ভিড়ে কাজে যাইতেও পারতেছি না। অহন শুটিং নাই, বাইরে আইলে গ্রামডা খালি খালি লাগে।’

এভাবেই মানুষহীন পড়ে আছে একটি শুটিংবাড়ি। ছবি: সংগৃহীত
এভাবেই মানুষহীন পড়ে আছে একটি শুটিংবাড়ি। ছবি: সংগৃহীত

অভিনেতা এবং নির্মাতা শামীম জামানের বেশির ভাগ সময় কাটত এই গ্রামে। তিনি বলেন, ‘দিনের পর দিন পুবাইলে শুটিং করেছি। অনেক সময় ঈদে ৮ থেকে ১০টি নাটকের টানা শুটিং করতে হয়েছে। ছোট একটি গ্রামে অনেক তারকা থাকত। সবাই আমার সেটে আসত, আড্ডা হতো। দিনগুলো মিস করছি। সবাই সতর্ক থাকলে শিগগির আবার শুটিং করতে পারব।’