কাছাকাছি শখ ও নিলয়

কমবেশি সবাই জানতেন তাঁদের প্রেমের খবরটা। শখ ও নিলয়ের প্রেম অবশ্য খুব বেশি দিন টেকেনি। এরপর একসঙ্গে কাজ করা তো দূরের কথা, একে অন্যের ছায়াও মাড়াতেন না। গত বছরের শেষ দিকে অল্প অল্প প্রেমের গল্প ছবির মুক্তির কারণে এই দুজন এক হয়েছিলেন। তবে তা ছিল শুধু ছবির প্রচারণার কারণেই। ব্যক্তিগত দ্বন্দ্ব মিটিয়ে সম্প্রতি আবার কাছাকাছি হয়েছেন শখ ও নিলয়। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের কাজে এই মুহূর্তে তাঁরা দুজন আছেন কলকাতায়।
কলকাতা থেকে নিলয় বলেন, ‘আমাদের মধ্যে কী ছিল, তা নিয়ে এখন আর ভাবতে চাই না। পেশাদারি সম্পর্ক বজায় রেখে আমরা কাজ করে যেতে চাই। মাঝে কিছুটা ভুল-বোঝাবুঝি হওয়ার কারণে দেখা-সাক্ষাৎ হতো না। তবে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নিয়ে পরবর্তী সময়টা এভাবেই থাকতে চাই।’
শখ বলেন, ‘এটা সত্যি যে আমরা দুজন ভালো বন্ধু। বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।’
অল্প অল্প প্রেমের গল্পর আগে শখ ও নিলয় একসঙ্গে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।