কাজে ফিরছেন সিদ্দিক

বেশ কয়েক দিন আগে শরীরে একটা অস্ত্রোপচার হয়েছে অভিনেতা সিদ্দিকুর রহমানের। অস্ত্রোপচার করে পেট থেকে পাথর অপসারণ করা হয়েছে এই অভিনেতার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসাতেই ছিলেন তিনি। টানা কয়েক দিন পূর্ণ বিশ্রামের শেষে এখন কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
অস্ত্রোপচারের পরে তাঁর বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে সিদ্দিক বলেছেন, ‘এখন বেশ সুস্থবোধ করছি। আগামী সপ্তাহের শুরুর দিন থেকেই শুটিং এ যাব। সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়েছি।’
নাটকের শুটিং প্রসঙ্গে সিদ্দিক জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নতুন নাটক ‘নায়ক’-এর শুটিং করবেন তিনি। ‘নায়ক’ নাটকটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করবেন ইমন, বাঁধন ও সোহেল রানা।
এ নাটকের গল্প প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘আমার আর ইমনের স্বপ্ন সোহেল রানার মতো নায়ক হওয়া। এটা নিয়েই গল্প। নাটকে ‘সোহেল রানা’ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সোহেল রানা নিজেই।’
গত মাসের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সিদ্দিকুর রহমান। সেখানে দুদিন চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরে আসেন। পরে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।