কাজে ব্যস্ত আহত নিশো

দৃশ্যটি ছিল এ রকম—রাজধানীর উত্তরার একটি রাস্তায় দুই সহযাত্রী নিয়ে বাইক চালিয়ে সামনের দিকে যাবেন আফরান নিশো। সবকিছু ঠিকঠাক। প্রস্তুত ৫০ সিসির সেকেলে মোটরবাইকটিও। দৃশ্য ধারণও শুরু হলো। কিন্তু এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। পুরোনো বাইকটির পেছনের ক্যারিয়ার ভেঙে গেলে চলন্ত বাইক থেকে পেছনের যাত্রীর পড়ে যাওয়ার দশা হয়। তখনই তিনি জাপটে ধরেন বাইকে বসা অপরজনকে। আর তাতেই বাইকটির সামনের চাকা উঁচু হয়ে যায়। চালক আফরান নিশো পড়ে যান বাইক থেকে। আঘাত পান পায়ে।
তবে নিশো এখন খানিকটা সুস্থ। পায়ে প্রচণ্ড ব্যথা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের বকর ভাই নামে মাবরুর রশীদের যে ঈদ ধারাবাহিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি, আহত পা নিয়ে সেই নাটকের শুটিংয়ে এখন নিশো ব্যস্ত। দুর্ঘটনার পরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসক বলেন, হাঁটুতে আঘাত পেয়েছেন নিশো। তবে হাড় ভাঙেনি, মচকে গেছে। তাই আপাতত ক্রাচে ভর করে কয়েক দিন চলতে হবে তাঁকে। দুর্ঘটনার দিনই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন নিশো। দুই দিন বিরতি নিয়ে আবারও শুরু করেন শুটিং; তবে ক্রাচে ভর করে। কিন্তু নায়ক যদি ক্রাচে ভর করে থাকেন, তাহলে তো বদলে যাবে গল্প। নাট্যকার ও নির্মাতা মাবরুর রশীদ তাই গল্পের বাঁক কিছুটা ঘুরিয়ে দিলেন নিশোর জন্য। যেখানে সহশিল্পী মেহ্জাবীনের সঙ্গে দাঁড়িয়ে সংলাপ বলতে হতো, সেখানে নির্মাতা হুইলচেয়ারে বসিয়ে দেন নিশোকে।
মচকে যাওয়া পা নিয়ে শুটিং করা প্রসঙ্গে নিশো বলেন, ‘শুটিং যখন শুরু হয়, তখন একটি টিমের অনেক স্বপ্ন থাকে। আমি সেই স্বপ্নের জন্য একটু নাহয় কষ্ট সহ্য করলাম। বড় সমস্যা হচ্ছে, আমি হাঁটতে পারছি না। গতকাল ভাঙা পায়ে আবারও চোট খেয়েছি।’
ঈদের সাত পর্বের এই ধারাবাহিকটি দেশ টিভিতে প্রচারিত হবে। এর দৃশ্য ধারণ শুরু হয়েছে ১৯ জুন। মিরপুর ডিওএইচএস ও উত্তরা এলাকায় দৃশ্য ধারণ করা হচ্ছে। আরও দুই দিনের কাজ বাকি আছে।