কাদা মেখে অভিনয়!

এক দিন আগে বেশ কয়েকটি ছবি ভাইবারে প্রকাশ করলেন নির্মাতা সুমন আনোয়ার। সারা গায়ে কাদা মাখা এক যুবকের ছবি। চোখ-মুখের অবয়বও ঠিকমতো বোঝা যাচ্ছে না। পরনে লুঙ্গি। খুব ভালো করে খেয়াল করে, দু–চারজনকে জিজ্ঞেস করে তবেই নিশ্চিত হওয়া গেল, গায়ে কাদামাখা যুবকের নাম আফরান নিশো।
কিন্তু কেন এই বিচিত্র বেশ ধারণ? জানা গেল, চরিত্রের প্রয়োজনেই এমন কাদা মাখানো সাজ। সুমন আনোয়ার নির্মাণ করছেন নতুন টেলিছবি ‘ফুলমতী’। এতে পাগলের চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। আর পাগল হতে গিয়েই একেক সময় একেকভাবে পর্দায় হাজির হয়েছেন তিনি। তিন দিন ধরে এমন পাগলের সাজেই অভিনয় করছেন তিনি। মানিকগঞ্জে চলছে এই টেলিছবির দৃশ্যধারণ।

কথা হলো আফরান নিশোর সঙ্গে। বললেন, ‘আমার চরিত্রের নাম মধু পাগলা। এই পাগল বাতাসের সঙ্গে কথা বলে। ওর পাগলামির কারণে সবাই ওকে মারতে আসে, কিন্তু ও মারের ভয় করে না। কেউ মারতে এলে আরও মারতে বলে। গ্রামের একটা পাগল যে রকম, সে রকম একটা চরিত্র। তবে সত্যি কথা হলো, কাজটি দুর্দান্ত হচ্ছে।’
সারা গায়ে কাদা মাখার বিষয়টি খোলাসা করে বলেন, ‘নাটকের একটি দৃশ্যে পাগল কাদার মধ্যে লুকায়। তারপর যখন উঠে আসে, তখন সারা গায়ে কাদা লেপ্টে যায়।’

তবে শুধু কাদাই নয়, মেকাপ দিয়ে তাঁর সারা শরীরে ক্ষত তৈরি করা হয়েছে এবং কালিঝুলি মাখিয়ে দেওয়া হয়েছে। নিশো এবং মেকাপ আর্টিস্ট জনি মিলে এই অসাধ্য সাধন করেছেন বলে জানিয়েছেন তিনি।
নির্মাতা সুমন আনোয়ার জানালেন, ‘আগামী ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হচ্ছে ‘ফুলমতী’। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, এজাজ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।