কাল ক্ষুদে গানরাজের 'মহা-উৎসব'
ক্ষুদে গানরাজ এর ৫ম আসরের মহা-উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
এই রিয়েলিটি শো-তেই আজীবন সম্মাননা দেওয়া হবে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। কোনো রিয়েলিটি শো’তে এবারই প্রথম কোনো গুণীজনকে সম্মাননা দেওয়া হচ্ছে। এই গুণী কণ্ঠশিল্পীর সম্মানে উৎসবে নাচ করবেন অপি করিম। ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের এটি পঞ্চম আসর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই চূড়ান্ত পর্ব ‘মহা-উৎসব’ এর আয়োজনটি। আয়োজনে রুনা লায়লার গাওয়া তিনটি গানের মিশেলে নাচবেন অপি করিম। গান তিনটি হলো ‘পরদেশি মেঘ রে’, ‘বাড়ির মানুষ কয় আমায়’ ও ‘পায়েরই নূপুর আমার জাদু জানে রে’।
ক্ষুদে গানরাজের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের সঙ্গে ওই দিন রুনা লায়লাও থাকবেন অতিথি বিচারক হিসেবে।
উৎসবে অংশ নেবে এখনো প্রতিযোগিতায় টিকে থাকা গাইবান্ধার পুষ্পিতা, বগুড়ার রাফতি, ময়মনসিংহের মাহিন, গাজীপুরের মহারাজা, জয়পুরহাটের পায়েল, কুড়িগ্রামের বিজলী এবং ঢাকার অর্পিতা।
ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।