কাল থেকে অনলাইনে বিজ্ঞান চলচ্চিত্র উৎসব

বিজ্ঞানের নানা মজার বিষয় নিয়ে ছোট ছোট সিনেমা শিশু–কিশোরদের আনন্দ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে গ্যেটে ইনস্টিটিউট। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে এ উৎসব। বাংলাদেশের দর্শকদের জন্য উন্মুক্ত এ উৎসবে ৩২টি চলচ্চিত্র দেখানো হবে। বিজ্ঞানের নানা মজার বিষয় নিয়ে ছোট ছোট সিনেমা শিশু–কিশোরদের আনন্দ দেবে।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে গ্যেটে ইনস্টিটিউটটি জানায়, শুক্রবার ভার্চ্যুয়ালি উৎসবের উদ্বোধন করা হবে। চলচ্চিত্র ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও পরিবেশগত সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশের দর্শকদের জন্য তিনটি সিনেমা বাংলায় ডাব করা হয়েছে, তিনটি সিনেমায় যুক্ত করা হয়েছে বাংলা সাবটাইটেল।

এক বিবৃতিতে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক কির্স্টেন হ্যাকেনব্রোক বলেন, ‘বিজ্ঞান যে পরিবর্তন আনতে পারে এবং জীবন বাঁচাতে পারে, তা আমরা সবাই আবার নতুন করে শিখেছি। একজন বিজ্ঞানী হওয়ার অর্থ অজানার পথে হাঁটা, তর্কবিতর্কে অনুপ্রাণিত হওয়া, মানবতার জন্য স্থিতিশীল ভবিষ্যৎ তৈরি করা। শিশুকাল থেকেই এর শুরু হতে পারে। এই সুচনা কীভাবে মজাদার করে তোলা যায়, সেটা দেখানো বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের অন্যতম লক্ষ্য।’

বাংলাদেশের দর্শকদের জন্য ৩২টি চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি থাকবে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের জন্য কর্মশালা, কুইজ ও বিজ্ঞানবিষয়ক আলোচনা। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উৎসবের ওয়েবসাইটে সিনেমাগুলো দেখা যাবে। এ জন্য আগ্রহী দর্শকেরা এই লিংকে নিবন্ধন করতে পারবেন। উদ্বোধনী পর্বের নিবন্ধনের জন্য ক্লিক করতে হবে এই লিংকে। কুইজে অংশ নিতে ক্লিক করতে হবে এই লিংকে।

ইতিমধ্যে ২২টি দেশের ১২২টি চলচ্চিত্র নিয়ে বিশ্বব্যাপী চলছে মূল আয়োজন, যেটি শুরু হয়েছে ১ অক্টোবর।