কাল থেকে 'গল্পটা “ভ” এর'

ইংল্যান্ড ফেরত আরিফ, তার বন্ধু শরীফ আর রুবেলা দম্পতির সঙ্গে দেখা করতে আসে। উদ্দেশ্য যৌবনের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণা। শরীফ-রুবেলা সর্বদিকে সফল এক দম্পতি। টাপুর আর টুপুর নামের ভুবনভোলানো দুই কন্যা তাদের। আগমনের প্রথম রাতেই ধাঁধায় পড়ে যায় আরিফ। কেননা আরিফের উপস্থিতিতেই শরীফ-রুবেলা দম্পতির বিয়ে হয় ১৫ বছর আগে। অথচ এই দম্পতির বড় কন্যার বয়স ১৭! ঘটনাক্রমে জানা যায়, টাপুর নামের মেয়েটি শরীফ-রুবেলার দত্তক নেওয়া।
‘গোপন কথাটি রবে না গোপনে’—সেই কবে কখন কোনো প্রসঙ্গে, কোন অভিজ্ঞতায় রবিঠাকুর এ কথা বলে ছিলেন তা জানা হয়নি। কিন্তু জীবনাভিজ্ঞতায় এ কথা আজ সবার জ্ঞাত যে গোপন—তা যত অপ্রিয়ই হোক, থাকে না গোপন। এই কথাটির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘গল্পটা “ভ” এর’ প্রথম পর্ব ‘ভুলতে চাওয়া গোপন’। এটিএন বাংলায় কাল শুক্রবার থেকে প্রচার শুরু হচ্ছে তানভীর হোসেনের চিত্রনাট্য ও পরিচালনায় নতুন এই ধারাবাহিক। এটি ধারাবাহিক হলেও নতুন নতুন গল্প নিয়েই তৈরি হবে এর প্রতিটি পর্ব। কাহিনির সঙ্গে নাটকটির নতুন পর্বে আগমন ঘটবে নতুন অভিনেতা-অভিনেত্রীদের। প্রথম পর্বে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, তানভীর হোসেন প্রমুখ। নাটকটি প্রতি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলার পর্দায়।
বিয়ের আগেই ডাক্তারি পরীক্ষার মাধ্যমে রুবেলা জানতে পারে সে কখনো মা হতে পারবে না। তাই এ সিদ্ধান্ত। পরবর্তী সময়ে টুপুরের জন্মকে ধরা হয় পরম আশ্চর্য। সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে। শরীফ-রুবেলা দম্পতি কথাটা গোপন রেখেছিল, কিন্তু আরিফের দ্বিধায় শরীফ অনুধাবন করে যে সত্যটা মেয়েদের জানানো দরকার। রুবেলা প্রবল আপত্তি জানায়। কিন্তু শরীফ খুব সুন্দরভাবে বহুদিনের যত্নে লালিত গোপন প্রকাশ করে টাপুর-টুপুরের কাছে। প্রচণ্ড রকম মানসিক কষ্ট পায় টাপুর। জুড়ে দেয় নতুন বায়না, সে তার বায়োলজিক্যাল মা-বাবার ঠিকানা জানতে চায়।