কাল থেকে 'চশমা'

আগামীকাল থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে মিনি ধারাবাহিক ‘চশমা’। এতে দেখা যাবে, খন্দকার সাহেব সব সময় মানুষকে বিশ্বাস করেন এবং যথারীতি ঠকেন। তার সারল্য নিয়ে পরিবারে লেগে থাকে নিত্য অশান্তি। এই খন্দকার সাহেবই একদিন নতুন চশমা পরেন। দেখতে পান মানুষের আসল রূপ। শুরু হয় একের পর এক বিপদ।
২৫ মার্চ থেকে ছোট ধারাবাহিক প্রচারের উদ্যোগ নিয়েছে দীপ্ত টিভি। ‘দীপ্ত মিনি সিরিয়াল’ নামের এই চাঙ্কে প্রতি সপ্তাহের ছয় দিন প্রচার করবে একটি করে ধারাবাহিক নাটক। তারই অংশ হিসেবে প্রচার হবে ‘চশমা’।
‘চশমা’ সম্প্রচারিত হবে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায় এবং রাত সাড়ে ৯টা। ৬ পর্বের এ ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, শ্যামল মাওলা, সাদিকা স্বর্ণা, পাভেল ইসলাম, শেখ মাহবুবুর রহমান ও নাভিদ মুনতাসির।