কাল দেখা মিলবে অভিনেত্রী ফাতেমা-তুজ-জোহরার

চ্যানেল আইয়ে আগামীকাল ১৩ অক্টোবর থেকে ধারাবাহিক নাটক মাতাল হাওয়ার প্রচার শুরু হচ্ছে। নাটকটির অন্যতম চমক, এতে অভিনয় করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা।
মাতাল হাওয়া ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অভিনয় করেছেন ফাতেমা-তুজ-জোহরা, রওনক হাসান, চঞ্চল চৌধুরী, নওশীন, মিম, প্রাণ রায়, অপর্ণা, অর্শা, সুষমা, ম ম মোর্শেদ, ড. এনামুল হক, কচি খন্দকার, রিফাত চৌধুরী প্রমুখ।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯.৩৫ মিনিটে প্রচারিত হবে মাতাল হাওয়া।
একটি পারিবারিক গল্প নিয়ে মাতাল হাওয়া ধারাবাহিকের কাহিনি আবর্তিত হয়েছে। প্রেমের এবং হাসির গল্প সমান্তরালে এগিয়েছে মাতাল হাওয়ায়।
নাটকটির কাহিনিতে দেখা যাবে, নগরের একটি কলোনিতে হঠাৎ খোকন নামের এক যুবকের আগমন ঘটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন, একাধিক ভাষা রপ্ত করেছেন। কারও ওপর রাগ হলে তাঁকে জার্মানি ভাষায় গাল দেন। তাঁর কাছে সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শরৎচন্দ্রের সব সংকলন আছে। দেয়ালজুড়ে তাঁদের এবং চে গুয়েভারা, মার্ক্স, লেনিনদের ছবি। প্রতিদিন খোকনকে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন রকম পরামর্শ দেন, নজরুল ইসলাম তাঁকে বিদ্রোহী করে তোলেন, শরৎচন্দ্র তাঁকে প্রেমবিষয়ক বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দেন। এমনিভাবে বিভিন্ন মনীষী তাঁকে বিভিন্ন রকম আদেশ-উপদেশ দেন, আর খোকন তা অক্ষরে অক্ষরে পালন করেন।