কাল শহীদ মিনারে শিল্পী ও কলাকুশলীর সমাবেশ
‘প্রিয় সহকর্মী, ৩০ নভেম্বর ২০১৬ এফটিপিও-এর আয়োজনে আমরা সবাই এক হব শহীদ মিনারে। দেখা হবে নিশ্চয় আপনার সঙ্গে। “শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই” আন্দোলনে সবাই এক হব।’ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বানই জানিয়েছেন অভিনেত্রী মম। তাঁর মতো আরও অনেক অভিনয়শিল্পী ভিডিও বার্তার মাধ্যমে শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই শীর্ষক আন্দোলনে নিজেদের অবস্থানের কথা জানিয়ে চলেছেন।
টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি সংগঠন নিয়ে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) গঠিত হয়। কাল মঙ্গলবার ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগানে শহীদ মিনারে টেলিভিশনের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সমাবেশের ডাক দিয়েছে এফটিপিও। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এফটিপিওর অন্যতম সদস্য মনোয়ার পাঠান প্রথম আলোকে বলেন, ‘প্রথমত, আমরা সবাই যে ঐক্যবদ্ধ এই সমাবেশের মাধ্যমে, তা সবার কাছে তুলে ধরতে চাই। আমাদের যে দাবিগুলো রয়েছে, তা শান্তিপূর্ণভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য এ সমাবেশের ডাক দিয়েছি। সমাবেশে দুই সহস্রাধিক সহকর্মী ও বন্ধুর জমায়েত হবে বলে আশা করছি।’
এদিকে আগামীকালের সমাবেশ উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এফটিপিওর প্রচার উপকমিটির আহ্বায়ক আনজাম মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়।