কাল 'উজান গাঙের নাইয়া'র শেষ পর্ব

একদিকে শাহজাদার সঙ্গে পালিয়ে যাওয়া নিয়ে মৌয়ের দ্বিধা-দ্বন্দ্ব, অন্যদিকে দেরি করে হাসপাতালে নেওয়ার কারণে আনিকার গর্ভে থাকা শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—এ সবকিছুই দেখা যাবে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়ার শেষ পর্বে। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত স্বাস্থ্য সচেতনতামূলক নাটকটির শেষ পর্ব বিটিভিতে প্রচারিত হবে আগামীকাল রোববার রাত সাড়ে আটটায়।
নিরাপদ গর্ভাবস্থা, শিশুর জন্ম এবং পরবর্তী পরিচর্যা-সম্পর্কিত উজান গাঙের নাইয়া নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস।
নাটকটি প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘নাটকটি লেখা থেকে শুরু করে শুটিং শেষ করা পর্যন্ত পুরো সময়টাই একটা ঘোরের ভেতর দিয়ে কেটেছে। স্বাস্থ্য সচেতনতামূলক নাটকগুলো কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে গড়ে ওঠে। যেমন এ নাটকটি তৈরি হয়েছে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যার বিষয়গুলো নিয়ে। এসব বিষয়ে যে তথ্যগুলো জানা জরুরি, সেগুলো অনেকটা গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে নাটকে। বাংলাদেশের মানুষ এখন এসব বিষয়ে বেশ সচেতন। তাদের সেই সচেতনতায় নতুন কিছু যোগ করার লক্ষ্য নিয়েই আমরা নাটকটি তৈরি করেছি।’
উজান গাঙের নাইয়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শীয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে।