কাল 'বাংলা খেয়াল উৎসব'
• বুধবার বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে ‘বাংলা খেয়াল উৎসব’।
• চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে এই উৎসব।
• ছাদ বারান্দা থেকে চ্যানেল আই এই উৎসব সরাসরি সম্প্রচার করবে।

চ্যানেল আইয়ে আগামীকাল বুধবার বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে ‘বাংলা খেয়াল উৎসব’। চলবে পরদিন বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত। এবার উৎসবে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ দেশের ৩৪টি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনেক শিল্পী। অন্য কোনো ভাষায় নয়, এ উৎসবে সবাই বাংলা ভাষায় খেয়াল পরিবেশন করবেন।
বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে এই উৎসব। ছাদ বারান্দা থেকে চ্যানেল আইয়ে এই উৎসব সরাসরি সম্প্রচার করা হবে।
রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে ‘বাংলা খেয়াল উৎসব’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। তিনি বলেন, ‘এবার অনেক নবীন শিক্ষার্থী এ উৎসবে অংশ নেবেন। আগে খেয়াল শোনার ব্যাপারে মানুষ আগ্রহী হয়নি, চ্যানেল আইয়ের এ উৎসবের কারণে অনেকেই খেয়াল শোনা এবং চর্চার ব্যাপারে আগ্রহী হচ্ছেন। বাংলা খেয়ালের বিকাশে এ উদ্যোগ প্রশংসনীয়। বাংলা খেয়াল শুধু বাংলা শব্দ নয়, বাংলা দর্শন ধারণ করে।’
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘শুদ্ধ সংগীত চর্চার প্রসারে চ্যানেল আই কাজ করছে। মানুষ এখন উচ্চাঙ্গসংগীত চর্চা এবং শোনার ব্যাপারে আগ্রহী হচ্ছে। আমরা আশা করছি, এ উৎসব দেশে উচ্চাঙ্গসংগীতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলা খেয়াল উৎসবে অংশ নেবেন আজাদ রহমান, নাশিদ কামাল, লীনা তাপসী খান, ফেরদৌস আরা, বিজন চন্দ্র মিস্ত্রী, হারুনুর রশীদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ, গাজী আবদুল হাকিম, ফিরোজ খান, লিউ জে বাড়ৈ প্রমুখ। উপস্থাপনা করবেন দিলরুবা সাথী ও মৌসুমী বড়ুয়া। প্রযোজনা করবেন অনন্যা রুমা।
আজ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন করিম শাহাবুদ্দিন, অসিত রায়, অনিল কুমার সাহা, নাশিদ কামাল, হারুনুর রশীদ, পদ্মিনী দে, সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক সেলিনা আজাদ, আলিফ প্রমুখ।