কিছুই হতে চাননি আফজাল হোসেন!

অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী—অনেক গুণ আফজাল হোসেনের। বৈচিত্র্যপূর্ণ অভিনয় দিয়ে দর্শকহৃদয় জয় করেছেন। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের গুণী এই মানুষটি নাকি জীবনে কিছুই হতে চাননি। শুক্রবার রাতে চ্যানেল আইয়ের ছাদ ঘরে ঢাকা থিয়েটারের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আফজাল হোসেনের জন্মদিন পালন অনুষ্ঠানে এ কথা বলেন।
১৯ জুলাই ছিল বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেনের জন্মদিন। নানা কারণে সেদিন আফজাল হোসেনের বন্ধুবান্ধবেরা তাঁর জন্মদিন পালন করতে পারেননি। তাঁর নাটকের দল ঢাকা থিয়েটারের পরিকল্পনায় শুক্রবার পালন করা হয় আফজাল হোসেনের জন্মদিন।
আফজাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘জীবনে আমি কিছুই হতে চাইনি। কিছু আশাও করিনি। এ কথাটা যখন বলি, অনেকই আমাকে বলে, কথাটা বলা ঠিক নয়। বহুকাল আগে আমার লেখক বন্ধু ইমদাদুল হক মিলন বলেছিল, “জীবনের সব সত্য উচ্চারণ না করলেও চলে।” সে কথার ব্যাখ্যাও সে দিয়েছিল। সে আমাকে বলেছিল, “তুমি যদি তোমাকে সিরিয়াসলি না নাও, মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে কেন?” সেদিন আমি এই কথার অর্থটা বুঝিনি। পরে অবশ্য বুঝতে পেরেছি।’
আফজাল হোসেন বলে চলেন, ‘আমার অন্তর যখন যেদিকে আমাকে চালিত করেছে, আমি কোনো হিসাব না করে সে পথে হেঁটেছি। আমার সব সময় মনে হয়েছে, পৃথিবীর পথে আমি নাম না-জানা একজন পথিক। আমার নাম-খ্যাতির দরকার নেই। আমি কোনো দিন চাইনি আমার দিকে কারও মনোযোগ আকর্ষিত হোক। কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ভাবনা ও কর্মের দিকে মানুষ মনোযোগী হোক—এটা লোভীর মতো চেয়েছি।’
জীবনটাকে একটা উপহার মনে করেন গুণী এই শিল্পী। তিনি বলেন, ‘পৃথিবীতে তো আমি না-ও আসতে পারতাম। যদি এসেই থাকি, প্রতি মুহূর্তে আমি যেন আমাকে উপভোগ করতে পারি—এই চেষ্টা করেছি এবং করছি। আমি বিশ্বাস করি, আমি যদি আমাকে উপভোগ করতে পারি এবং আমার কর্মকে উপভোগ করতে পারি, তবেই আমার কর্মের দিকে যাঁরা দৃষ্টি ফেরাবেন, তাঁরাও তা উপভোগ করতে পারবেন।’