কুঠিবাড়ি ঘুরিয়ে দেখাবেন রবীন্দ্রনাথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি ও রবীন্দ্রনাথ নাটকের একটি দৃশ্য
আমি ও রবীন্দ্রনাথ নাটকের একটি দৃশ্য

ছবির ভেতর থেকে স্বয়ং রবীন্দ্রনাথ নেমে এসে চমকে দিলেন ‘অথই’কে। বন্ধুকে নিয়ে সে বেড়াতে গিয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে। বাড়ির ভেতরটা ঘুরতে ঘুরতে দোতলার সিঁড়ি বেয়ে একাই উঠে গিয়েছিল ওপরে। সেই ঘরে প্রায় বাস্তব বিভ্রমে রবীন্দ্রনাথ তার সামনে উদ্ভাসিত হন। নিজের কুঠিবাড়িটি ঘুরিয়ে দেখার আমন্ত্রণ জানান তিনি।

প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকে দেখা যাবে এই দৃশ্য। প্রায় চার বছর পর রবীন্দ্রনাথকে নিয়ে নতুন নাটক এনেছে দলটি। নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় নাটকটির প্রদর্শনী আজ।
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। পরদিন একই সময় একই মিলনায়তনে হবে এর দ্বিতীয় প্রদর্শনী।
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন নির্দেশক নিজেই। সংগীত পরিকল্পনায় ছিলেন রামিজ রাজু। আর আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।
এর আগে আরও চারটি রবীন্দ্রনাট্য ঢাকার মঞ্চে এনেছে প্রাঙ্গণেমোর। শেষবার ২০১১ সালে দলটি মঞ্চে আনে ‘শেষের কবিতা’ নাটকটি। দলীয় পর্যায়ে রবীন্দ্রনাট্য চর্চায় অগ্রগামী প্রাঙ্গণেমোরের নাটকগুলো বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছে।