কুশীলব আছে, কলাকুশলী নেই
‘আমরা সবাই না শিখেই শুটিংয়ে নামি। ভুল করে করে শিখি। বেশির ভাগ ক্ষেত্রে আমাদের ক্যামেরাম্যান, লাইট গ্যাফার, আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, লাইন প্রোডিউসার, মেকআপ আর্টিস্ট ও অন্য কলাকুশলী বলতে গেলে শূন্য জ্ঞান দিয়ে শুটিং শুরু করেন। অনেকের শিক্ষাগত যোগ্যতাও নেই। কাজ করতে গিয়ে তাঁরা দক্ষ হন। কিন্তু টেকনিশিয়ানদের শেখানোর জন্য ভালো কোনো ইনস্টিটিউট থাকলে দেশের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হতো,’ কথাগুলো বলেন নির্মাতা আদনান আল-রাজীব।
দেশ ও দেশের বাইরে একাধিক শুটিংয়ের অভিজ্ঞতা রয়েছে রাজীবের। এই নির্মাতা মনে করেন, দেশে দক্ষ কলাকুশলীর সংখ্যা হাতে গোনা। যে কারণে কাজের সময় কোনো অপশন থাকে না। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক টেকনিশিয়ান বিদেশি টেকনিশিয়ানদের চেয়ে ভালো। তাঁরা কাজ করতে গিয়ে শিখেছেন। আবার অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখে আসেন। তাঁদের ক্ষেত্রে দেখা যায় বাস্তব অভিজ্ঞতার চেয়ে থিউরিটিক্যাল জ্ঞান বেশি।’
নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘সব সেক্টরের মতো একটু একটু করে আমাদের ক্রু তৈরি হচ্ছে। এটা সন্তোষজনক নয়। শুটিংয়ের সময় আমাদের সংকটে পড়তে হয়। অনেক সময় বাইরে থেকেও টেকনিশিয়ান হায়ার করতে হয়। আমাদের শেখানোর ভালো প্রতিষ্ঠান লাগবে। শিক্ষক লাগবে। নইলে আন্তর্জাতিক বাজারে আমরা পিছিয়ে থাকব।’ একটি শুটিংয়ে প্রোডাকশন ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগে দেশে এখনো তেমন কেউ নেই বলে জানান তরুণ নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান।
তিনি ‘মাটির প্রজার দেশে’, ‘নোনাজলের কাব্য’, বাংলাদেশ–কলকাতার যৌথ প্রোডাকশন ‘একা’, ‘মুভিং বাংলাদেশ’সহ একাধিক সিনেমার নির্বাহী প্রযোজক ছিলেন। প্রযোজনার ওপর বুসানে পড়েছেন। তিনি বলেন, ‘মাটির প্রজার দেশের শুটিংয়ের সময়ে আমরা প্রোডাকশন ডিজাইনার, লোকেশনে লাইভ সাউন্ড রেকর্ডিং করার মতো কোনো টেকনিশিয়ান খুঁজে পাইনি। এখন আন্তর্জাতিক মার্কেটে দিন দিন আমরা বেশি এক্সপোজ হচ্ছি। দক্ষ কলাকুশলী ছাড়া শুধু গল্প দিয়ে আন্তর্জাতিক দর্শক ধরা সম্ভব নয়। কম্বাইন্ড আর্ট এখন খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি জানান, একই কারণে মেড ইন বাংলাদেশ, নোনাজলের কাব্যসহ অনেক সিনেমার কিছু কাজের জন্য ফ্রান্স ও ভারত থেকে টেকনিশিয়ান আনতে হয়েছে।
সংখ্যার বিচারে দেশে এখন অভিনেতার অভাব নেই। তাঁদের মান নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সংখ্যায় তাঁরা কম, এ কথা কিছুতেই বলা যাবে না। সেই তুলনায় দেশে দক্ষ তো দূরের কথা, পর্যাপ্ত কলাকুশলী আছে কি? দক্ষ কলাকুশলী না থাকায় দেশের তরুণ নির্মাতারা বেশির ভাগই নিজস্ব টিম তৈরির দিকে ঝুঁকছেন। উদাহরণ হিসেবে বলা যায়, রেহানার নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা। তিনি দীর্ঘদিন বিজ্ঞাপন নির্মাণ করে নিজের মতো একটি টিম গড়েছেন। তাঁর টিমের সদস্য ১০ জনের মতো। একেকজন শুটিংয়ের তিন থেকে চারটি বিভাগের কাজের ওপর পারদর্শী। রেহানার নির্বাহী প্রযোজক এহসানুল বাবু বলেন, ‘সাদের সঙ্গে ১০ বছর ধরে বিজ্ঞাপনে কাজ করি। কাজ করতে গিয়ে আমরা দক্ষ হয়েছি। নতুন যাঁরা কাজের জন্য আসেন, তাঁদের শিখিয়ে নিই।’
‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমায় ‘মাগফিরাত’ স্বল্পদৈর্ঘ্য বানিয়ে প্রশংসা পেয়েছিলেন রবিউল আলম রবি। তিনি ফিল্মের ওপর ভারত থেকে পড়াশোনা করে সম্প্রতি বানিয়েছেন ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’। এটি নির্মাণে তাঁর টিমে প্রোডাকশনের ডিজাইনার হিসেবে ছিলেন নির্মাতা সৈয়দ শাওকি ও নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন নির্মাতা তানিম নুরসহ আরও অনেকে। রবিউল আলম রবি বলেন, ‘এখন টিম হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। এখানে দক্ষ মানুষগুলো রয়েছে। সবাই কাজ ঠিকমতো বোঝার কারণে প্রপার কাজটি পাওয়া যায়, একই সঙ্গে সময় নষ্ট হয় না।’
বেশির ভাগ লাইটম্যানের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘ভাই, আমি মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের সঙ্গে কাজ করেছি। বিদেশি ডিওপির সঙ্গেও কাজ করেছি। কেউ আমার ভুল ধরতে পারে নাই। কিন্তু আমার পড়াশোনা কম। দেখে শেখা ছাড়া বিকল্প ছিল না। এখন আমার কাজ দেখে অন্যরা শেখে।’
মাহবুব রহমান মানিক প্রায় তিন দশক ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। তিনি নিজেও তাঁর গুরুর কাছ থেকে মেকআপ শিখেছিলেন। তাঁর কাছ থেকে শিখে ৫০ জন এখন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় মেকআপের কাজ করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে মেকআপ আর্টিস্টদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। বাধ্য হয়েই আমরা গুরুমুখী বিদ্যার ওপর নির্ভরশীল। আমি চেষ্টা করছি একটা ইনস্টিটিউট দেওয়ার। কারণ, এ বিষয়ে অনেক জানার আছে। বললেই মেকআপ আর্টিস্ট হওয়া যায় না।’
২০০৭ সাল থেকে রাশেদ জামান ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন। কলাকুশলীদের নানা চড়াই–উতরাই দেখেছেন। তিনি বলেন, ‘ক্যামেরা সেক্টরে এখন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু আমাদের কলাকুশলীর বিশাল অভাব। শেখানোর কোনো জায়গা নেই। এর কারণ মিডিয়া সেক্টরকে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু ভারত এটা বুঝতে পেরে পুনে, সত্যজিৎ রায়ের মতো বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছে। এখন তারা ফল পাচ্ছে। আর আমাদের এখানে ঠিকমতো পেমেন্টই পান না কলাকুশলীরা, কাজের সময়ের ঠিকঠিকানা নেই। পেশাকে নেতিবাচক হিসেবে দেখা হয়। নানান অনিশ্চয়তায় কে আসবে কলাকুশলী হতে। এখন আমরা ভিজ্যুয়াল মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সরকারের উচিত মেডিকেল, চারুকলা, ইঞ্জিনিয়ারিংয়ের মতো কলাকুশলী তৈরির কাজকে পেট্রোনাইজ করা।’