কুসুম কবি

নাচ, গান, অভিনয়—সবই হলো। এবার নতুন কিছু নিয়ে অপেক্ষা করছেন কুসুম শিকদার। সেই অপেক্ষাপর্ব ফুরাতে বাকি আর অল্প সময়। কুসম এবার কবিরূপে আসছেন। নতুন নাটক কিংবা চলচ্চিত্রের জন্য নয়, আসছে অমর একুশে বইমেলায় কুসুমের লেখা কবিতা নিয়ে বই প্রকাশিত হচ্ছে। বইয়ের নাম নীল ক্যাফের কবি।
লেখালেখির অনুপ্রেরণা কুসুম পেয়েছেন তাঁর পরিবার থেকে। তিনি জানান, তাঁর ভাই শাহনেওয়াজ কবীর লেখালেখির সঙ্গে যুক্ত। স্কুলে পড়ার সময় ভাইয়ের সঙ্গে কুসুম প্রায়ই বিশ্বসাহিত্য কেন্দ্রে যাওয়া-আসা করতেন। লেখার পোকা মাথায় ঢোকার কথা মনে করে তিনি বলেন, ‘সেখানে নামকরা অনেক লেখকের সংস্পর্শে আসার সুযোগ হয়। সেই থেকেই শুরু।’
মানুষ আর প্রকৃতি কুসুমের লেখার প্রধান বিষয়। এ ছাড়া বিভিন্ন সময় নানা ঘটনা শব্দে রূপ নিয়ে তাঁর লেখায় উঠে আসে। কুসুম বলেন, ‘মানুষের সম্পর্কের সঙ্গে প্রকৃতির পরিবর্তনের মিল এবং তুলনা আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি।’
কবি কুসুম তাঁর অনুভূতি জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘একজন মানুষের স্বপ্ন ও সাধনার জায়গাটা যখন সবার সামনে উন্মোচিত হয়, তখন ভালো লাগা অন্য এক শিখরে পৌঁছে যায়।’
নীল ক্যাফের কবি বইটিতে মোট ৩৪টি কবিতা থাকছে। জানা গিয়েছে, অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হতে যাওয়া বইটির প্রচ্ছদ ও অলংকরণ করবেন শিল্পী ধ্রুব এষ।