কুসুমের কবিতার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম সিকদার
কুসুম সিকদার

একসময় নাচের পাশাপাশি গানও করতেন কুসুম সিকদার। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় নিয়েই আছেন। কিন্তু কুসুমের আরেকটি পরিচয় অনেকের কাছেই ছিল অজানা। এবার সেই নতুন পরিচয়েই হাজির হতে যাচ্ছেন তিনি। সামনের বইমেলায় উন্মোচিত হতে যাচ্ছে তাঁর সেই পরিচয়। লেখক পরিচয়ে সবার সামনে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে কুসুমের কবিতার বই। নাম নীল ক্যাফের কবি।
লেখালেখির অনুপ্রেরণা কীভাবে পেলেন-জানতে চাইলে কুসুম বলেন, ‘লেখালেখির বিষয়টি আমাদের বংশগত। পরিবার থেকেই আমার লেখালেখির সকল অনুপ্রেরণা। আমার ভাই শাহনেওয়াজ কবীর বাপ্পীও লেখালেখির সঙ্গে যুক্ত। সে একসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল। স্কুলে পড়ার সময় তার সঙ্গে প্রায়ই বিশ্বসাহিত্য কেন্দ্রে যাওয়া-আসা করতাম। সেখানে নাম করা অনেক লেখকের সংস্পর্শে আসার সুযোগ হয়। যাদের বেশির ভাগই এখন দেশসেরা লেখক।’
মানুষ আর প্রকৃতি কুসুমের লেখার প্রধান বিষয়। এ ছাড়া বিভিন্ন সময় নানা ঘটনার নিজস্ব বহুমুখী অনুভূতির প্রকাশ হয় তাঁর কবিতাগুলোর মধ্যে। বললেন, ‘মানুষের সম্পর্কের সঙ্গে প্রকৃতির পরিবর্তনের মিল এবং তুলনা আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি।’
আর কদিন পরই তাঁর কবিতার বইটি হাতে পাবেন বলে জানান কুসুম। কেমন লাগছে-জানতে চাইলে কুসুম বললেন, ‘একজন মানুষের অনেক অনেক স্বপ্নের এবং সাধনার জায়গাটা যখন সবার সামনে উন্মোচিত হয়, তখন ভালো লাগাটা অনেক শিখরে থাকে। তবে আমার এ স্বপ্ন বাস্তবায়ন হতো না, যদি একজনের উৎসাহ আমাকে তাড়না না দিত।’
নীল ক্যাফের কবি বইটিতে মোট ৩৪ টি কবিতা আছে। অন্বেষা প্রকাশনের ব্যানারে প্রকাশিত হতে যাওয়া বইটির প্রচ্ছদ ও অলংকরণ করবেন চিত্রশিল্পী ধ্রুব এষ।