কৃষ্ণপক্ষে মেয়ে আরিয়াকে নিয়ে মৌটুসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে আরিয়াকে নিয়ে মৌটুসী বিশ্বাস
মেয়ে আরিয়াকে নিয়ে মৌটুসী বিশ্বাস

নতুন ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। আজ থেকে উত্তরায় শুরু হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির শুটিংয়ের কাজ। জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাসের কাহিনি থেকে এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ ছবিতে অভিনয় করছেন মৌটুসি বিশ্বাস। এ ছবিতে তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করছে মৌটুসীর একমাত্র মেয়ে আরিয়া।
মেয়েকে নিয়ে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বললেন, ‘ও অনেক চঞ্চল। তাই ওকে নিয়ে অভিনয় করতে; এমনকি শুটিংয়ে নিয়ে যেতেও আমি বেশ ভয় পাই। পরিচালক শাওনের চাপাচাপিতে আর না করতে পারিনি।’ মৌটুসী জানিয়েছেন, চরিত্রের সঙ্গে মানানসই বলেই আরিয়াকে নিয়েছেন তিনি।
মৌটুসীর মেয়ে সাড়ে তিন বছর বয়সী আরিয়া অবশ্য এর আগে বেশ কয়েকটি ফটোশুটে অংশ নিয়েছে। কিন্তু শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে এটাই তার প্রথম কাজ। তবে এ ছবিতে তার চরিত্রটির নাম এখনো ঠিক হয়নি।
‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে মৌটুসীর চরিত্রের নাম মিরু। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্র নিয়ে খানিকটা আফসোস থাকলেও হুমায়ূন আহমেদের লেখা চরিত্র বলে আর না করতে পারিনি। বরাবরই আমি ওনার লেখা চরিত্রে অভিনয় করতে আগ্রহী।’
মৌটুসী ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন ঢাকাই ছবির মাহিয়া মাহী এবং রিয়াজ।

মৌটুসী বিশ্বাস এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন। তাঁর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্রের নাম- ইউটার্ন। আলভী আহমেদ পরিচালিত বাণিজ্যিক ধারার এ ছবিতে তিনি পুরোদস্তুর নায়িকা হিসেবেই অভিনয় করেছেন।
এ ছাড়া, মৌটুসী নিয়মিত ছোট পর্দার নাটকে অভিনয় করছেন। মৌটুসী অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এই ঈদেরও অনেকগুলি নাটকেই দেখা গেছে তাকে।