কেউ ফাঁসায়, কেউ মানে না সময়

নিয়ম আছে শুধু খাতা-কলমে। পরিচালক-অভিনয়শিল্পীদের অনেকেই সেই নিয়মের ধার ধারছেন না। ঈদের সময় এই নিয়ম মানা আরও মুশকিল হয়ে পড়ে পরিচালক ও অভিনয়শিল্পীদের। পরিচালকদের অভিযোগ, দেরিতে শুটিংয়ে আসেন অভিনয়শিল্পীরা। শিল্পীদের অভিযোগ, সময়মতো সেটে আসার পরও পরিকল্পনামতো কাজ শেষ করতে পারছেন না পরিচালকেরা। পাল্টাপাল্টি অভিযোগের এমন কথা হরহামেশাই শিল্পী ও পরিচালকদের নানা আড্ডায় শোনা যায়।
অভিনয় অঙ্গনে শৃঙ্খলা ও পেশাদারি বজায় রাখতে ২০১৭ সালের জুলাইয়ে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। পরের বছর নাট্যকার সংঘ ও ক্যামেরাম্যানদের সংগঠনও অন্তর্ভুক্ত হয় এই চুক্তিতে। এসব সংগঠনের চুক্তিতে অভিনয়শিল্পী ও পরিচালকদের শুটিংয়ের সময় নির্ধারণ করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
জানা গেছে, পাঁচটি সংগঠনের সব পক্ষের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, সকাল ১০টায় শুটিং শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে। পরিচালক ও অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব নিয়মও মানা সম্ভব হচ্ছে না। ঈদের সময় এই অনিয়ম প্রকট আকার ধারণ করে। বিশেষ করে ঢাকা ও এর আশপাশে শুটিংয়ের ক্ষেত্রে এসব ভোগান্তি সবচেয়ে বেশি।
ছোট পর্দার অভিনয়শিল্পী জাকিয়া বারী মম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘সময়মতো সেটে আসার কোনো মানেই হয় না, সময়মতো বাড়ি যেতে পারি না! কিন্তু পরদিন সময়মতোই আবার সেটে যেতে হয়! দিনের পর দিন এই সময় মেনে চলাটা বেশ কঠিন হয়ে পড়ছে। আসলে একজন মানুষের পক্ষে একটানা কতক্ষণ কাজ করা সম্ভব!’
কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে শবনম ফারিয়া জানান, সাহ্রির আগমুহূর্তে শুটিং শেষ করে বাসায় ফিরেছেন। কেন এত দেরি হয়, জানতে চাইলে বলেন, ‘এটা উভয় পক্ষের সমস্যা। আগের দিন কোনো শুটিংয়ে দেরি হলে পরদিন তার প্রভাব পড়ে। এ বছর বিষয়টি লক্ষণীয়, পরিচালকেরা সঠিকভাবে লাইট করার জন্য সময় নিচ্ছেন। ভালো মানের কাজের জন্য এই দেরিটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি।’
অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু বলেন, ‘অভিনয়শিল্পীদের অনেকেই যেমন সময়মতো শুটিংয়ে আসেন না, তেমনি অনেক পরিচালকও সময়মতো শুটিং শেষ করতে পারেন না। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের কয়েকটি সংগঠন একটি নিয়ম তৈরি করেছে। কয়েকজন অভিনয়শিল্পীর ব্যাপারে পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছিল। এরপর সংশ্লিষ্টদের অনুরোধ করেছি, সামনে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়।’
ঢাকা ও এর কাছাকাছি জায়গায় শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সময় না মানার প্রবণতা সবচেয়ে বেশি বলে মনে করছেন ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু। তিনি বলেন, প্রতিটি পেশার কিছু নিয়ম আছে। কেউ তা মানছে, কেউ মানছে না। এই না মানার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাভলু বলেন, ‘আমি সাধারণত এই ধরনের সমস্যায় পড়ি না। কারণ, আমার শুটিংগুলো সাধারণত ঢাকার বাইরে করি। সব শিল্পীকে একসঙ্গে নিয়ে যাই। কিন্তু আমি আবার অন্য পরিচালকের পরিচালনায় যখন শুটিং করি, তখন এসব সমস্যার কথা প্রায়ই শুনি।’
কথা প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু জানিয়ে রাখেন, টেলিভিশন চ্যানেল ও এজেন্সির কাছ থেকে কিছু শিল্পী নির্দিষ্ট করে দেওয়া হয়। পরিচালকেরা ওসব শিল্পীর শিডিউল নিতে ব্যস্ত হয়ে যান। এতে ওই শিল্পীদের ওপর চাপ পড়ে বেশি।
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘দেশে জানা-অজানা পরিচালকের সংখ্যা যেমন বেশি, তেমনি অভিনয় জানা শিল্পীর সংখ্যা খুব কম। এই কারণে এমন সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। পরিচালক চান ভালো অভিনয়শিল্পী দিয়ে কাজটি করাতে। কিন্তু ভালো অভিনয়শিল্পী তো হাতে গোনা। এখনকার অনেক পরিচালকের আত্মবিশ্বাস কম। তাঁরা শিল্পীদের ঠিকমতো ডিরেক্ট করতে পারেন না। ১০ বছর আগেও শিল্পীরা চিত্রনাট্য দেখে, পড়ে, বুঝে কাজ করতেন। এখন তো কেমন অভিনয় করলাম তা মুখ্য নয়, কত বেশি নাটকে অভিনয় করলাম, সেটাই সামনে আনা হয়।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘চুক্তিভুক্ত আমাদের পাঁচটি সংগঠনের সদস্যসংখ্যা দেড় হাজার। ইন্ডাস্ট্রির অনিয়মগুলো এক দিনে সমাধান করা সম্ভব নয়। আমরা প্রতিটি সংগঠনের সদস্যকে অনুরোধ করছি নিয়ম মানতে। বাধ্যও করছি ক্ষেত্রবিশেষে। আশা করছি সবকিছু নিয়ন্ত্রণে আসবে।’