কেবিসিতে ইতিহাস গড়লেন অচিন-সার্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান থেকে সাত কোটি রুপি বিজয়ী দুই ভাই অচিন ও সার্থকের সঙ্গে অমিতাভ বচ্চন
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান থেকে সাত কোটি রুপি বিজয়ী দুই ভাই অচিন ও সার্থকের সঙ্গে অমিতাভ বচ্চন

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে সাত কোটি রুপি জিতে ইতিহাস গড়লেন দুই ভাই অচিন ও সার্থক। সম্প্রতি প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন সঞ্চালিত অনুষ্ঠানটির অষ্টম মৌসুমের একটি পর্বে জ্যাকপট জিতেছেন তাঁরা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এযাবৎ কালের এটাই সর্বোচ্চ পুরস্কার।

দিল্লিতে বসবাসকারী ২৪ বছর বয়সী অচিন পেশায় মার্কেটিং ম্যানেজার। আর ২৩ বছর বয়সী সার্থক একজন ছাত্র। সম্প্রতি কেবিসি অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে অংশ নেন তাঁরা। চারটি লাইফ লাইনের সহায়তা নিয়ে ১৪টি প্রশ্নের সবগুলোর সঠিক উত্তর দিয়ে তাঁরা সাত কোটি রুপি পুরস্কার জিতে নেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে অচিন বলেন, ‘এটা পুরোপুরি অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য একটি ঘটনা। আমরা ভেবেছিলাম, ২৫ লাখ রুপি জিতলেই খেলা ছেড়ে দেব। কিন্তু শেষ পর্যন্ত সাত কোটি রুপি জিতে জীবনের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তের মুখোমুখি হলাম আমরা।’ অচিন এও জানিয়েছেন, গত ১০ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

১৪ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান সঞ্চালনা করছেন অমিতাভ। দুই ভাই অচিন ও সার্থক অনুষ্ঠানের সর্বোচ্চ পুরস্কার জেতায় বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যান অমিতাভ। তিনি তাঁর ব্লগে অনুষ্ঠানের ছবি পোস্ট করার পাশাপাশি এক বার্তায় লিখেছেন, ‘বিস্ময়কর মুহূর্ত। কী অসাধারণ প্রতিভা! কী অসাধারণ খেলা..! এই মুহূর্তে এর বেশি কিছু বলার এখতিয়ার আমার নেই।’
এ ছাড়া এক টুইটার বার্তায় অমিতাভ লিখেছেন, ‘কেবিসির সৌন্দর্য ও উচ্ছ্বাস সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। এককথায় অসাধারণ এক মুহূর্ত।’ বার্তার পাশাপাশি বিজয়ীদের ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে।