কোনালের ঝুলিতে শিশুদের গান

শিশুদের জন্য গান করেছেন সংগীতশিল্পী কোনাল। খুদে গানরাজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জন্য তৈরি হয়েছে চমৎকার এ গান। আর শিশুদের জন্য প্রথম কোনো গান গাইলেন এই শিল্পী।
গানটি করে অন্যরকম এক অনুভূতি হয়েছে কোনালের। ঝুলিতে যুক্ত হলো নতুন ধরনের একটি গান। তিনি জানালেন, নাতিদীর্ঘ সংগীতজীবনে অনেক ধরনের গান করার সুযোগ হয়েছে। কিন্তু এ গানটি একেবারেই অন্য রকম। গত মঙ্গলবার ঢাকার একটি স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। তিনি বলেন, ‘শৈশবে আমরা শিশুদের অনেক গান শুনে বড় হয়েছি। সেরকম গান অনেক দিন হয় না। এ গানটির ভেতরে আছে সংলাপ, মায়াবী সুর। খুদে গানরাজের শিল্পীরা কোথাও আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে, কোথাওবা গুনগুন করেছে।’
গানটির ‘আলোর স্রোতে উড়ছি দেখো/উড়ছে রঙের শত প্রজাপতি/স্বপ্নডানায় দূর অজানায়/মিলছে যেতে আজ অনুমতি’—কথাগুলো লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। আজ শুক্রবার রাজধানীর শেরে-ই-বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে খুদে গানরাজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে গানটির সঙ্গে থাকবে কোরিওগ্রাফি পরিবেশনা। এতে আশিজন শিশুকে নিয়ে নাচ করতে দেখা যাবে ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহিকে। গানটির কোরিওগ্রাফি করেছে ঈগলস ড্যান্স গ্রুপ। আজ সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।