ক্যানসার আক্রান্ত বদিকে যা বললেন বাকের ভাই
‘কোথাও কেউ নেই’ নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা আবদুল কাদের। জনপ্রিয় এই অভিনেতা এখন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। খবর পেয়েই তাঁকে ফোন করেছিলেন ‘কোথাও কেউ নেই’ নাটকের কেন্দ্রীয় বাকের ভাই চরিত্রের আসাদুজ্জামান নূর। সহশিল্পীকে সাহস জুগিয়ে কী বলেছেন তিনি?
বেশ কয়েক দিন ধরে খেতে পারছিলেন না অভিনেতা আবদুল কাদের। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছিল। কয়েক দিন ধরে কারও সঙ্গে তেমন কথাও বলেননি। অনেকটাই ছিলেন নিদ্রাচ্ছন্ন। তাঁর সেই নীরবতা ভাঙে বাকের ভাই, অভিনেতা আসাদুজ্জামান নূরের ভিডিও কলে। গতকাল ফোন করে কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আসাদুজ্জামান নূর। চেন্নাই থেকে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জানান, আসাদুজ্জামান নূর তাঁর শ্বশুরকে বলেছেন, তিনি ঢাকায় এলে আবার সুস্থ হয়ে উঠবেন। তাঁরা সব সময় তাঁর পাশে আছেন। তাঁর জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রাখা হবে। জাহিদা বলেন, ‘কয়েক দিন হলো বাবা কিছুটা ভেঙে পড়েছেন। গতকাল হঠাৎ নূর আঙ্কেল ফোন করলে বাবা বেশ চাঙা বোধ করেন। এখন তো মোবাইলে কারও সঙ্গে কথাই বলতে চান না। কিন্তু নূর আঙ্কেলের সঙ্গে আগ্রহ নিয়ে কথা বললেন। মনে হলো সেই আগের মতো অবস্থা। বাবা কিছুটা সাহস পেয়েছেন।’ নূর ছাড়াও ফোন করে কাদেরের সঙ্গে কথা বলেছেন নাট্যজন রামেন্দু মজুমদারসহ আরও বেশ কয়েকজন।
বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করেও কাদেরের কোনো রোগ ধরা পড়ছিল না। শেষে কয়েক দিন আগে পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায়, এই অভিনেতার শরীরে টিউমার রয়েছে। সেই টিউমার অপসারণ করাতে আবদুল কাদের যান চেন্নাই। পরে সেখানকার পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার থেকে এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিন ৩ থেকে ৫-এ ওঠানামা করছিল।
‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় গত শতকের নব্বইয়ের দশকে। এটি লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন বরকত উল্লাহ। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ছিলেন ‘বাকের ভাই’। গুন্ডা বাকের ভাইয়ের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ‘বদি’ আর ‘মজনু’।