ক্যামেরার পেছন থেকে সামনে এলেন মনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়শা মনিকা
আয়শা মনিকা

আয়শা মনিকা ক্যামেরার পেছনে কাজ করছেন সেই ২০০৮ সাল থেকে। কখনো সহকারী পরিচালক, কখনোবা যৌথ পরিচালনা। বছর তিনেক ধরে বিবিসি মিডিয়া অ্যাকশনের হয়ে কাজ করছেন। সর্বশেষ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ‘উজান গাঙের নাইয়া’ সিরিজের। যার তৃতীয় মৌসুম প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়।


ক্যামেরার সামনে এবার একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন আয়শা। একটি পণ্যের জন্য মডেল হয়েছেন তিনি। দিন কয়েক আগে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে ঢাকার অদূরে। এটি নির্মাণ করছেন পিপলু আর খান।

ক্যামেরার সামনে অবশ্য আরও একটি বিজ্ঞাপন করার অভিজ্ঞতা আছে মনিকার। বেশ কিছুদিন আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিনি।

বিজ্ঞাপনের মডেল হওয়া প্রসঙ্গে বললেন, ‘আমি দুই মাধ্যমেই কাজ করতে পছন্দ করি। তবে ক্যামেরার পেছনে কাজ করতেই আমার বেশি ভালো লাগে।’ তিনি বলেন, ‘চেষ্টা করব ক্যামেরার পেছনে থেকে আরও ভালো কিছু কাজ করতে।’ সম্ভবত এ কারণেই তিনি প্রস্তুতি নিচ্ছেন একক পরিচালনার। আর প্রথম পরিচালনার জন্য বেছে নিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প ‘মেজদিদি’। এরই মধ্যে তিনি এর জন্য চিত্রনাট্যও তৈরি করে ফেলেছেন। এই চিত্রনাট্য থেকেই মনিকা একটি টেলিছবি বানাবেন।

এ প্রসঙ্গে মনিকা বলেছেন, ‘আমার প্রথম পরিচালনার কাজটি অনেক যত্ন নিয়ে করতে চাই। এত দিন যা কিছু শিখেছি, তারই বাস্তবায়ন হবে এখানে।’

আয়শা মনিকা এর আগে নির্মাতা সুমন আনোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ‘ভাষা সন্তান’ ও ‘কালাগুল’ নামে দুটি টেলিছবি।