ক্রিকেট নিয়ে নাটকে অপি-নিশো-ঈশিকা

নাটকের নাম আমি ক্রিকেটার হতে চাই। তাই এই নাটকের আদ্যোপান্ত যে ক্রিকেটে ঘেরা, তা তো আঁচ করাই যাচ্ছে। পাকা অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি নাটকে একজন ক্রিকেটারও অভিনয় করছেন। মাবরুর রশীদ পরিচালিত এই নাটকটি সাত খণ্ডের ওয়েব সিরিজ আকারে প্রচারিত হবে। মূল পাত্র-পাত্রী হিসেবে এতে দেখা যাবে আফরান নিশো ও ঈশিকা খানকে। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।
নাটকে এক ক্রিকেট-পাগল মেয়েকে মুগ্ধ করতে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প দেখা যাবে। ক্রিকেট খেলা শিখতে গিয়ে নানা ধরনের উদ্ভট সব কাণ্ড ঘটবে এই সিরিজ নাটকে।
গত সোমবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে আমি ক্রিকেটার হতে চাই নাটকের শুটিং হচ্ছে।
নাটকটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন মেহরাব হোসেন অপি। এর আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই সাবেক ক্রিকেটার। আবারও অভিনয় করা প্রসঙ্গে অপি বলেন, ‘নাটকটিতে আমাকে দেখানো হবে বর্তমান সময়ের ক্রিকেটার হিসেবে। আবারও সেই পুরোনো রূপে নিজেকে ভাবতে ভালোই লাগছে। বাড়তি আর চাপ নিতে হচ্ছে না। সহজেই কাজটি করতে পারছি।’
পরিচালক জানান, ঈদুল ফিতরে এই সিরিজ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।